এখনও কেন কার্টুন শেয়ার করলে গ্রেপ্তার করা হবে: সংসদে প্রশ্ন হাসনাতের

আপডেট : ১৯ এপ্রিল ২০২৬, ২১:৫৮

কার্টুন শেয়ার করার ঘটনায় গ্রেপ্তারের ঘটনাকে কেন্দ্র করে সংসদে বিস্ময় প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। তিনি এ ধরনের ঘটনায় আইনের প্রয়োগ ও জবাবদিহিতা নিয়ে প্রশ্ন তোলেন।

রোববার (১৯ এপ্রিল) জাতীয় সংসদে এ বিষয়টি উত্থাপন করেন হাসনাত আবদুল্লাহ। তিনি বলেন, বর্তমান সময়েও কার্টুন শেয়ার করার কারণে কাউকে গ্রেপ্তার করা হবে, এটি গ্রহণযোগ্য নয় এবং উদ্বেগজনক।

তিনি অভিযোগ করেন, ভুল আইনে মামলা দিয়ে গ্রেপ্তার করা হয়েছে এবং জামিনযোগ্য হওয়া সত্ত্বেও সংশ্লিষ্ট ব্যক্তিকে জামিন দেওয়া হচ্ছে না। এ ধরনের ঘটনা বিচারব্যবস্থা ও নাগরিক অধিকার নিয়ে প্রশ্ন তৈরি করছে বলেও মন্তব্য করেন তিনি।

সংসদ সদস্য বলেন, মন্ত্রীদের জবাবদিহিতা নিশ্চিত করা না গেলে জনগণের প্রতিনিধিদের কথা বলার সুযোগ সংকুচিত হয়ে পড়বে। “সংসদে মন্ত্রীদের জবাবদিহিতার আওতায় আনতে না পারলে আমরা কোথায় গিয়ে কথা বলব,” প্রশ্ন তোলেন তিনি।

এ সময় তিনি আরও অভিযোগ করেন, তারকাচিহ্নিত প্রশ্ন করার সুযোগ না পাওয়ায় সংসদ সদস্য হিসেবে নিজেদের অধিকার খর্ব হচ্ছে।

 
ইত্তেফাক/এসএ