লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় অবৈধভাবে মজুতের অভিযোগে ডিজেলভর্তি ২৪টি ড্রাম জব্দ করেছে পুলিশ। রোববার (১৯ এপ্রিল) রাতে রামগতি উপজেলার চরগাজী ইউনিয়নের ব্রিজঘাট এলাকায় অভিযান চালিয়ে ডিজেলভর্তি ২৪টি ড্রাম জব্দসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তির নাম মো. সাইফুল ইসলাম ওরফে শাকিল (২৮)। তিনি উপজেলার বড়খেরী ইউনিয়নের মৃত গিয়াস উদ্দিন ছেলে। রোববার রাতেই রামগতি থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান বাদী হয়ে তার বিরুদ্ধে রামগতি থানায় একটি মামলা করা হয়েছে।
পুলিশ জানায়, জব্দ করা ২৪টি ড্রামে প্রায় ৪ হাজার ৮০০ লিটার ডিজেল রয়েছে। এই জ্বালানি তেলের বাজারমূল্য প্রায় ৫ লাখ ৫২ হাজার টাকা। পুলিশের অভিযোগ, গ্রেপ্তার সাইফুল ইসলাম অবৈধভাবে ডিজেল মজুতের মাধ্যমে বাজারে কৃত্রিম সংকট তৈরি করে বেশি দামে বিক্রি করে আসছেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি অভিযোগের সত্যতা স্বীকার করেছেন।
এ বিষয়ে রামগতি থানার ওসি লিটন দেওয়ান গণমাধ্যমকে বলেন, ‘অবৈধভাবে জ্বালানি তেল মজুতের কারণে সাধারণ ভোক্তারা ভোগান্তির শিকার হয়ে আসছেন। তাই গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে অবৈধভাবে মজুত করা ৪ হাজার ৮০০ লিটার ডিজেল জব্দ করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিকে আদালতে সোপর্দ করা হবে।’

