ঢাবির ভিসি ও প্রো-ভিসিকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো নিয়ে বিশেষ নির্দেশনা

আপডেট : ২১ এপ্রিল ২০২৬, ১৩:২৮

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষকে বিশ্ববিদ্যালয়ের ভেতরের বিভিন্ন অনুষ্ঠানে একসঙ্গে আমন্ত্রণ না জানানোর অনুরোধ করা হয়েছে। সেইসঙ্গে অনুষ্ঠানের শুরুতে উত্তরীয়, সম্মাননা স্মারক, ক্রেস্ট বা ফুলেল শুভেচ্ছা না দিয়ে স্বল্প সময়ে অনুষ্ঠান সমাপ্ত করতেও অনুরোধ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সোমবার (২০ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মুনসী শামস উদ্দিন আহম্মদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ অনুরোধ জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আদিষ্ট হয়ে এতদ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর, মাননীয় প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন), মাননীয় প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) এবং মাননীয় কোষাধ্যক্ষকে বিভিন্ন সময়ে বিশ্ববিদ্যালয়ের হল/হোস্টেল/বিভাগ/ইনস্টিটিউট/সেন্টার/ব্যুরো/অফিসসহ বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ বিভিন্ন প্রোগ্রামে (নবীনবরণ/বিদায় সংবর্ধনা/উদ্বোধনী অনুষ্ঠান/পুরষ্কার বিতরণ/সেমিনার/কনফারেন্স ইত্যাদি) একসাথে আমন্ত্রণ জানানো হয়ে থাকে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, সময়ের সর্বোচ্চ সদ্ব্যবহার ও কাজের সমন্বয়ের স্বার্থে শুধুমাত্র রাষ্ট্রীয় এবং বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় প্রোগ্রাম ছাড়া অন্য কোনো প্রোগ্রামে মাননীয় ভাইস-চ্যান্সেলর, মাননীয় প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন), মাননীয় প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা), মাননীয় কোষাধ্যক্ষকে একই অনুষ্ঠানে একসাথে প্রধান অতিথি/বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রণ না জানানো এবং অনুষ্ঠান শুরুর আগে উত্তরীয় প্রদান/সম্মাননা স্মারক প্রদান/ ক্রেস্ট প্রদান/ফুলেল শুভেচ্ছা জানানো/অতিথিদের সম্বোধন করে অতিরিক্ত ভূমিকা বক্তব্য ইত্যাদি পরিহার করে সরাসরি অনুষ্ঠান শুরু করে যথাসম্ভব স্বল্প সময়ের মধ্যে সমাপ্ত করার জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করা যাচ্ছে।

ইত্তেফাক/জেডএইচ