বায়ার্নের শিরোপা উদযাপনে ‘কাকাতুয়া–রহস্য’

আপডেট : ২১ এপ্রিল ২০২৬, ১৪:০০

আবারও বুন্দেসলিগায় চ্যাম্পিয়ন হয়েছে বায়ার্ন মিউনিখ। রেকর্ড ৩৫তম শিরোপা নিজেদের করে নিয়েছে তারা। রোববার (১৯ এপ্রিল) ঘরের মাঠ আলিয়েঞ্জ অ্যারেনায় স্টুটগার্টকে ৪-২ গোলে হারিয়ে চলতি মৌসুমের চার ম্যাচ বাকি থাকতেই শিরোপা নিশ্চিত করেছে ভিনসেন্ট কোম্পানির শিষ্যরা।

এতে বুন্দেসলিগায় শেষ  ১৪ মৌসুমের মধ্যে ১৩টিতেই ট্রফি ঘরে তুলেছে বায়ার্ন মিউনিখ। শিরোপা নিশ্চিত হওয়ার পর বুকে কাকাতুয়া অঙ্কিত টি-শার্ট পরে উদযাপনে মাতে বাভারিয়ানরা। দলের মিডফিল্ডার লিওন গোরেস্কা একটি কাকাতুয়ার মূর্তিও নিয়ে আসেন। বায়ার্নের এমন উদযাপন দেখে ফুটবলপ্রেমীদের মনে এই কাকাতুয়া নিয়ে রহস্য তৈরি হয়েছে।

জানা গেছে, গত বছর ফ্রাইবুর্গ-লেভারকুজেন ম্যাচটি মিউনিখের একটি রেস্তোরাঁয় বসে দেখছিলেন বায়ার্ন মিউনিখের খেলোয়াড়রা। ওই ম্যাচ চলাকালে তাদের একজন খেলোয়াড় একটি সাদা কাকাতুয়ার মূর্তি নিয়ে আসে। সেই ম্যাচটি ২-২ গোলে ড্র হওয়ায় বায়ার্নের লিগ শিরোপা নিশ্চিত হয়েছিল। তখন এই কাকাতুয়া মূর্তিটিকে সৌভাগ্যের প্রতীক হিসেবে গণ্য করেন তারা। 

এই মূর্তি ছিল রেস্তোরাঁর মালিক মাইকেল ক্যাফারের। তিনি এই মূর্তি বায়ার্ন মিউনিখ দলকে উপহার দেন। খেলোয়াড়রা সেই উপহার নিজেদের সঙ্গে নিয়ে আসেন। কোচ ভিনসেন্ট কোম্পানি ও দলের খেলোয়াড়রা একে ‘লাকি চার্ম’ হিসেবে আন-অফিসিয়াল মাসকট হিসেবে গ্রহণ করেন। শিরোপা উদযাপন ও সংবাদ সম্মেলনেও এটি ব্যবহার করা হয়েছিল। এবারও বুন্দেসলিগা উদযাপন করে তারা কাকাতুয়ার সেই সাদা মূর্তিটিকে নিয়ে।

শিরোপা উদযাপনে এ ছাড়া আর কোনো আয়োজন ছিল না। ট্রেবল জয়ের পর উদযাপন করতে চায় বায়ার্ন। কোচ ভিনসেন্ট কোম্পানি বলেন, ‘মৌসুম এখনও শেষ হয়নি। এখনও অনেক কিছু জেতার আছে। চ্যাম্পিয়নস লিগে আমাদের সামনে আছে পিএসজি; টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন তারা, হয়তো সবচেয়ে কঠিন চ্যালেঞ্জ হতে যাচ্ছে। তবে এর আগে আমাদের সামনে আছে লেভারকুজেন।’

আগামী বুধবার জার্মান কাপের সেমিফাইনালে লেভারকুজেনের মুখোমুখি হবে বায়ার্ন। ২৮ এপ্রিল চ্যাম্পিয়নস লিগে শেষ চারের প্রথম লেগে পিএসজির মুখোমুখি হবেন তারা।

ইত্তেফাক/জেডএইচ