রেললাইনে পাথর ঠিক করতে গিয়ে ট্রেনে কাটা পড়ে এক রেলওয়ে কর্মীর মৃত্যু

আপডেট : ২১ এপ্রিল ২০২৬, ১৫:৩১

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ড রেলস্টেশন এলাকায় রেললাইনে কাজ করার সময় বাংলাদেশ রেলওয়ের এক কর্মী দুর্ঘটনায় নিহত হয়েছেন। মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে চাঁদপুর থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী মেঘনা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়।

নিহত ব্যক্তির নাম রফিকুল ইসলাম। রেল কর্মকর্তাদের সূত্রে জানা গেছে, রফিকুলের বাড়ি চট্টগ্রামের মিরসরাই উপজেলার করের হাট এলাকায়। তিনি বাংলাদেশ রেলওয়েতে ওয়েম্যান হিসেবে কর্মরত ছিলেন।

সীতাকুণ্ডের বাড়বকুণ্ড রেলস্টেশনের মাস্টার রাজ কুমার রায় দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, রফিকুলসহ কয়েকজন ওয়েম্যান রেললাইনের ছড়িয়ে-ছিটিয়ে পড়া পাথর ঠিক করার কাজ করছিলেন। এ সময় অসাবধানতাবশত রফিকুল নামের ওই ওয়েম্যান মেঘনা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়েন। নিহত ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

তিনি আরও বলেন, আইনি প্রক্রিয়া সম্পন্নের পর রেল পূর্বাঞ্চলের সদর দপ্তরে নিহত রফিকুল ইসলামের জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এরপর লাশটি দাফনের জন্য তার গ্রামের বাড়িতে পাঠানো হবে।

ইত্তেফাক/এমএস