সিরাজগঞ্জে বায়োগ্যাস প্লান্ট বিস্ফোরণে দগ্ধ ২ শ্রমিকের মৃত্যু

আপডেট : ২১ এপ্রিল ২০২৬, ১৭:১৬

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় একটি দুগ্ধ কারখানার বায়োগ্যাস প্লান্টে বিস্ফোরণে দগ্ধ হয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার (২০ এপ্রিল) সকালে ঢাকার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান।

নিহতরা হলেন উপজেলার পোতাজিয়া ইউনিয়নের রেশমবাড়ি গ্রামের দেলবার মোল্লার ছেলে আব্দুল মোমিন (৪৫) এবং কায়েমপুর ইউনিয়নের সস্তাবাজ গ্রামের মৃত সোনা প্রামানিকের ছেলে লাল চাঁদ (৪০)।

জানা যায়, গত শনিবার দুপুরে উপজেলার গাড়াদহ ইউনিয়নের দুর্গাদহ গ্রামের রূপ কুমার ঘোষের দুধের কারখানার পাশে নির্মিত বায়োগ্যাস প্লান্ট পরিষ্কার করতে দুই শ্রমিক ট্যাঙ্কের ভেতরে নামেন। মটরের সাহায্যে পরিষ্কারের কাজ চলাকালে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ড ঘটে। এতে ভেতরে থাকা দুই শ্রমিক মারাত্মকভাবে দগ্ধ হন। তাদের শরীরের প্রায় ৯০ শতাংশ পুড়ে যায়।

স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে স্থানীয় পিপিডি ট্রাস্ট হাসপাতালে নিয়ে যায়। পরে তাদের অবস্থা অবনতি হলে চিকিৎসকদের পরামর্শে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

এদিকে দগ্ধ হয়ে দুই শ্রমিকের মৃত্যুর ঘটনায় তাদের পরিবারে সম্মতিতে গ্রামের প্রধান বর্গ শালিস বৈঠকের মাধ্যমে পরিবার প্রতি ৬ লাখ টাকা করে মোট ১২ লাখ টাকায় আপোষ মিমাংসা শেষে গত সোমবার রাতেই মৃত দুই শ্রমিকের লাশ দাফন করা হয়েছে।

কারখানার মালিক রূপ কুমার ঘোষ জানান, শ্রমিকরা পাম্প মেশিন দিয়ে বায়োগ্যাস প্লান্ট পরিষ্কার করতে ভেতরে নেমেছিল। এ সময় একজন শ্রমিক সিগারেট ধরালে ভিতরে জমে থাকা গ্যাসে ভয়াবহ বিস্ফোরনের ঘটনা ঘটে। এতে দুই শ্রমিক গুরুতর দগ্ধ হয়। 

এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম জানান, বায়োগ্যাস প্লান্টে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ হয়ে মারা যাওয়া দুই শ্রমিকের পরিবারের পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ দেওয়া হয়নি। অভিযোগ না থাকায় নিহত দুই শ্রমিকের মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ইত্তেফাক/এমএসআর