ঠাকুরগাঁওয়ে রাতে ফিলিং স্টেশন থেকে পেট্রল কিনে কালোবাজারে দ্বিগুণ দামে বিক্রি করে আসছিল একটি চক্র। বিষয়টি টের পেয়ে অভিযান চালিয়ে ২০০ লিটার পেট্রলসহ দুজনকে আটক করে বালিয়াডাঙ্গী থানা-পুলিশ। সোমবার (২০ এপ্রিল) রাতে জাহিরুল ইসলাম (৩২) ও জহিরুল ইসলাম (৩০) নামের দুইজনকে আটক করা হয়।
মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে ভ্রাম্যমাণ আদালতে তাদের ৩০ হাজার টাকা জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আহসান উল হক।
জাহিরুল বালিয়াডাঙ্গী উপজেলার আমজানখোর ইউনিয়নের স্কুলহাট গ্রামের আব্দুল কাদেরের ছেলে। আর জহিরুল হরিণমারী নয়াপাড়া গ্রামের সরিফ উদ্দীনের ছেলে।
ভ্রাম্যমাণ আদালতের কাছে দোষ স্বীকার করে অভিযুক্ত ব্যক্তিরা বলেন, নেকমরদের একটি ফিলিং স্টেশন থেকে গভীর রাতে ২০০ টাকা দরে পেট্রল কিনে এনে সীমান্ত এলাকায় ৪০০ টাকা লিটারে বিক্রি করত দলটি। তারা দুজন মূলত ফিলিং স্টেশন থেকে তেল আনা-নেওয়ার কাজে নিয়োজিত ছিলেন। সেই তেল চড়া দামে বিক্রি করতেন কালীবাড়ি গ্রামের আব্দুল খালেক।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আহসান উল হক বলেন, অপরাধ স্বীকার করায় তাদের দুজনকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আর জব্দ করা পেট্রল সরকারি মূল্যে খোলাবাজারে পুলিশ ও ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে বিক্রি করা হয়েছে। অবৈধ তেল মজুতকারীদের তথ্য পুলিশ ও প্রশাসনকে জানানোর জন্য জনসাধারণকে আহ্বান জানান তিনি।
