ছাত্রী কমনরুমে ‘চিকিৎসক’ সেজে যাতায়াত, ঢাকা মেডিকেল থেকে টিকটকার আটক

আপডেট : ২১ এপ্রিল ২০২৬, ২১:১১

ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) ছাত্রী কমনরুম থেকে অ্যাপ্রোন ও স্টেথোস্কোপসহ  মনিকা আক্তার মিতু (৩২) নামে এক ভুয়া শিক্ষার্থীকে আটক করেছেন মেডিকেল শিক্ষার্থীরা। মঙ্গলবার (২১ এপ্রিল) বেলা ২টার দিকে তাকে আটক করা হয়। এরপর কলেজ কর্তৃপক্ষের মাধ্যমে তাকে পুলিশে দেওয়া হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে মিতু জানান, তিনি পুরান ঢাকার লালবাগের পোস্তা এলাকার বাসিন্দা রফিকুল ইসলাম খোকনের স্ত্রী। তার গ্রামের বাড়ি মুন্সিগঞ্জের টঙ্গিবাড়িতে। 

তিনি জানান, এসএসসি পাসের পর পড়াশোনা বন্ধ হয়ে গেলেও চিকিৎসক হওয়ার তীব্র ইচ্ছা থেকে তিনি গত এক মাস ধরে মেডিকেলে আসা-যাওয়া শুরু করেন। তবে কখনো ক্লাসরুমে ঢোকার সুযোগ পাননি তিনি। মূলত তিনি একজন টিকটকার এবং নিয়মিত ভিডিও তৈরি করেন।

ঢাকা মেডিকেল কলেজ সূত্রে জানা যায়, এক মাস ধরে তিনি কলেজের ছাত্রী কমনরুমে আসা যাওয়া শুরু করেন। তবে কয়েক দিন ধরে কয়েকজন ছাত্রীর নজরে আসে। আজকে তাকে জিজ্ঞাসাবাদ করলে কোনো সদুত্তর দিতে পারেননি। পরে কলেজ কর্তৃপক্ষকে জানানো হয়।

এ বিষয়ে শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) মো. রেজাউল করিম বলেন, ‘ঢাকা মেডিকেল কলেজ কর্তৃপক্ষের কাছ থেকে সংবাদ পেয়ে কলেজে আসি। এরপর ওই ভুয়া শিক্ষার্থীকে পাই। তার কাছ থেকে একটি অ্যাপ্রোন, একটি স্টেথিসকোপ ও একটি কলেজের আইডি কার্ড পাওয়া গেছে। তাকে থানায় নিয়ে যাওয়া হয়েছে। তার বিরুদ্ধে আইনানুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

 

 

 
ইত্তেফাক/এনটিএম