‘আমেরিকা থেকে উড়োজাহাজ ক্রয়ের সিদ্ধান্ত এ মাসেই’

আপডেট : ২২ এপ্রিল ২০২৬, ১৯:২১

মার্কিন প্রতিষ্ঠান বোয়িংয়ের কাছ থেকে উড়োজাহাজ ক্রয়ের চূড়ান্ত সিদ্ধান্ত এ মাসেই নেওয়া হবে বলে জানিয়েছেন বিমান প্রতিমন্ত্রী রাশেদুজ্জামান মিল্লাত। বুধবার (২২ এপ্রিল) সচিবালয়ে উড়োজাহাজ ক্রয়সংক্রান্ত একটি সভা শেষে তিনি এ কথা জানান।

বিমান বহর সম্প্রসারণে বোয়িং থেকে ১৪টি উড়োজাহাজ কেনা এবং কিছু ভাড়ায় নেওয়ার বিষয়ে আগামী ৩০ এপ্রিলের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী রাশেদুজ্জামান মিল্লাত।

তিনি আরও জানান, আগামী জুন মাস থেকে ঢাকা-টোকিও রুটে পুনরায় ফ্লাইট চালুর বিষয়ে সরকার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে।

বৈঠক শেষে মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০৩৪–৩৫ অর্থবছরের মধ্যে বিমানের বহরে মোট ৪৭টি উড়োজাহাজ যুক্ত করার সম্ভাব্য পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এই পরিকল্পনার অংশ হিসেবে বোয়িংয়ের উড়োজাহাজ সংযোজনের বিষয়টি গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করা হয়। পাশাপাশি আগের সরকারের সময় নেওয়া উদ্যোগগুলোও সভায় পর্যালোচিত হয়।

সভায় সভাপতির বক্তব্যে বিমানমন্ত্রী আফরোজা খানম বলেন, নতুন উড়োজাহাজ সংযোজনের আগে প্রতিটি রুটের আয়-ব্যয়ের ভিত্তিতে একটি সমন্বিত কর্মপরিকল্পনা তৈরি করা জরুরি। তিনি মনে করেন, সময়োপযোগী ও বাস্তবসম্মত পদক্ষেপ গ্রহণের মাধ্যমে বিমান সংস্থাকে আরও লাভজনক ও যাত্রীবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তর করা সম্ভব।

অন্যদিকে প্রতিমন্ত্রী রাশেদুজ্জামান মিল্লাত বলেন, বোয়িংয়ের উড়োজাহাজ সংযোজনের জন্য প্রয়োজনীয় কার্যক্রম অব্যাহত রাখতে হবে।

ইত্তেফাক/এমএএম