রংপুরে অবৈধভাবে মজুত করা ৬৩০ লিটার ডিজেল জব্দ করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এ ঘটনায় দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২১ এপ্রিল) মধ্যরাতে রংপুর নগরীর পূর্ব জলকরিয়া গ্রামে এ অভিযান পরিচালিত হয়। বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী।
কারাদণ্ডপ্রাপ্তরা হলেন- হাজীরহাট এলাকার পূর্ব জলকরিয়া গ্রামের বাসিন্দা হানিফ মিয়া এবং শাহিন মিয়া।
র্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোরশালিন তুরাগের নেতৃত্বে একটি যৌথ আভিযানিক দল অভিযান চালায়। অভিযানে দুটি বাসা থেকে অবৈধভাবে মজুত রাখা ৬৩০ লিটার ডিজেল উদ্ধার করা হয়।
পরে আটক হানিফ মিয়া ও শাহিন মিয়াকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

