দেশের একমাত্র বিশেষায়িত পাবনা মানসিক হাসপাতালে রোগী দেখার নাম করে অবাধে ঢুকছেন সাধারণ মানুষ। শুধু তাই নয়, কথিত কনটেন্ট ক্রিয়েটররা রোগীদের উত্ত্যক্ত করে বানাচ্ছেন অপমানজনক ভিডিও, যা পরে ছড়িয়ে দেওয়া হচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যমে।
এতে চরম হুমকির মুখে পড়েছে রোগীদের স্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তা। অভিযোগ রয়েছে, নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যদের ঘুষ দিয়ে ভেতরে প্রবেশ করছেন তারা।
অনুসন্ধানে দেখা যায়, কথিত কনটেন্ট ক্রিয়েটররা হাসপাতালের ভেতরে বিকৃত অঙ্গভঙ্গি করে প্রকাশ্যেই অভ্যন্তরে ভিডিও বানাচ্ছেন। অনুসন্ধানের সময় আনসার সদস্যদের ঘুষ লেনদেনের দৃশ্যও ক্যামেরাবন্দি করা হয়। সেখানে দেখা যায়, নিরাপত্তার কর্মীদের জনপ্রতি ৫০ টাকা দিয়ে দর্শনার্থীরা ভেতরে ঢুকছেন।
স্থানীয়দের জানান, এসব ঘুষের টাকা চলে যাচ্ছে একটি সিন্ডিকেটের পকেটে।
হাসপাতালটির মানসিক রোগ বিশেষজ্ঞ ডা. এ কে এম শফিউল আজম বলেন, ‘এমন কর্মকাণ্ডে মানসিক রোগীদের স্বাস্থ্য ব্যবস্থায় মারাত্মক প্রভাব পড়তে পারে। কারণ টিকটকাররা এসে রোগীদের অতীতের দুঃখ-দুর্দশার কথা মনে করিয়ে দেয়। এতে মানসিকভাবে তারা ক্ষতিগ্রস্ত হয়।’
হাসপাতালটির পরিচালক শাফকাত ওয়াহিদ বলেন, এ নিয়ে হাসপাতালের পক্ষ থেকে কড়া নির্দেশনা দেওয়া রয়েছে। ইতোমধ্যে দুজন আনসার সদস্যকে অব্যাহতি দেওয়া হয়েছে।

