পঞ্চগড় সীমান্ত দিয়ে ভারতে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে দুই বাংলাদেশি কিশোরকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। পরে প্রায় ৮ ঘণ্টা পর তাদের পতাকা বৈঠকের মাধ্যমে তাদের বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে তাদের হস্তান্তর করা হয়।
বুধবার (২২ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পঞ্চগড় সদর উপজেলার গড়িনাবাড়ি ইউনিয়নের মিস্ত্রিপাড়া পাটশিরি সীমান্ত এলাকায় বিজিবি-বিএসএফের কোম্পানি কমান্ডার পর্যায়ে এই পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।
ফেরত আসা দুই কিশোর হলো- ইন্দ্র (১৪) ও উদয় (১৪)। তারা স্থানীয় রশেয়া উচ্চ বিদ্যালয়ের যথাক্রমে ষষ্ঠ ও নবম শ্রেণির ছাত্র।
এর আগে ওইদিন সকাল ১১টার দিকে ওই দুই কিশোর সীমান্ত এলাকায় ঘুরতে গিয়ে অসাবধানতাবশত ভারতীয় অভ্যন্তরে প্রবেশ করে। পরে ভারতীয় অংশের প্রায় ১৫০ গজ ভেতরে গেলে বিএসএফের সদস্যরা তাদের আটক করে মরিচা ক্যাম্পে নিয়ে যায়।
ঘটনার পরপরই বিষয়টি জানতে পেরে বিজিবি স্থানীয়ভাবে যোগাযোগ শুরু করে এবং দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে আলোচনা হয়।
গড়িনাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনোয়ার হোসেন দিপু এ বিষয়ে বলেন, ‘বিজিবির চেষ্টা ও দ্রুত যোগাযোগের কারণে শিক্ষার্থীদের দ্রুততম সময়ে ফেরত আনা সম্ভব হয়েছে।’
এ বিষয়ে পঞ্চগড়-১৮ বিজিবি ব্যাটালিয়নের লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ মোহাম্মদ কায়েস বলেন, বর্তমানে তাদের বিজিবির হেফাজতে রাখা হয়েছে। জিজ্ঞাসাবাদসহ প্রয়োজনীয় ব্যবস্থা শেষে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

