সব সময় কাজে ফিরতে চেয়েছিলাম: নেহা ধুপিয়া

আপডেট : ২৪ এপ্রিল ২০২৬, ১৪:৩৪

বলিউডের গ্ল্যামার দুনিয়ায় বিয়ে বা মাতৃত্বের সময় অনেক অভিনেত্রী কাজ থেকে বিরতি নিলেও সেই প্রচলিত ধারা ভেঙেছিলেন নেহা ধুপিয়া। অন্তঃসত্ত্বা অবস্থায় যেখানে বিশ্রামে থাকা দরকার, সেখানে সমস্ত শারীরিক চ্যালেঞ্জকে বুড়ো আঙুল দেখিয়ে শুটিং ফ্লোর কাঁপিয়েছিলেন বলিউড অভিনেত্রী নেহা ধুপিয়া।

সম্প্রতি পরিণীতি চোপড়ার পডকাস্টে এসে নেহা তার সেই অভিজ্ঞতার কথা শেয়ার করেন। তিনি বলেন, ‘আমি সব সময় কাজে ফিরতে চেয়েছিলাম। আমার গর্ভাবস্থার সাড়ে আট মাস পর্যন্ত আমি শুটিং করেছি। এমনকি যশরাজ স্টুডিওতে কাজ করার সময় আমার সারা শরীরে পরিবর্তন শুরু হয়েছিল।’

মাতৃত্বের পর নারীর জীবন থেমে থাকা উচিত নয় বলেও মনে করেন তিনি। নেহার ভাষায়, ‘মা হওয়ার পরেও যেন একজন নারী নিজের ইচ্ছেমতো সব কাজ চালিয়ে যেতে পারে। জীবন থেকে খুব বেশি কিছু বদলে যাওয়া কাম্য নয়।’

নিজের দ্বিতীয় গর্ভাবস্থার সময় ‘এ থার্সডে’ সিনেমায় অভিনয় করেছিলেন নেহা ধুপিয়া। এতে তিনি একজন অন্তঃসত্ত্বা পুলিশ কর্মকর্তার চরিত্রে অভিনয় করেন, যা তার বাস্তব জীবনের অবস্থার সঙ্গে মিল খুঁজে পায়।

ব্যক্তিগত জীবনে ২০১৮ সালের ১০ মে অভিনেতা অঙ্গদ বেদীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। একই বছরের নভেম্বরে তাদের প্রথম সন্তান মেহরের জন্ম হয়। পরবর্তীতে ২০২১ সালে এই দম্পতির ঘর আলো করে আসে পুত্রসন্তান গুরিক সিংহ।

 
ইত্তেফাক/এসজেএস