মৌসুম শেষ ব্রাজিলিয়ান উইঙ্গারের, বিশ্বকাপও শঙ্কায় 

আপডেট : ২৪ এপ্রিল ২০২৬, ২২:০২

চেলসির হয়ে মৌসুমের বাকি সময়ে আর মাঠে নামতে পারবেন না এস্তেভাও। শুধু তাই নয়, এই ব্রাজিলিয়ান উইঙ্গারের বিশ্বকাপে খেলাও শঙ্কার মুখে পড়েছে। শুক্রবার (২৪ এপ্রিল) এই তথ্য জানিয়েছেন চেলসির অন্তর্বর্তীকালীন কোচ ক্যালাম ম্যাকফারলেন।

গত সপ্তাহে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে ১-০ গোলের হারের ম্যাচে হ্যামস্ট্রিংয়ে চোট পান ১৯ বছর বয়সী উইঙ্গার। আগামী রোববার লিডসের বিপক্ষে চেলসির এফএ কাপ সেমিফাইনালের আগে এস্তেভাওকে নিয়ে এই দুঃসংবাদ দেন ম্যাকফারলেন। 

চলতি সপ্তাহে লিয়াম রোজেনিয়র বরখাস্ত হওয়ার পর চেলসির দায়িত্ব পাওয়া ম্যাকফারলেন বলেন, ‘দুর্ভাগ্যজনকভাবে এস্তেভাও এই মৌসুমে আমাদের হয়ে আর খেলবে না। বেশ কিছু সময়ের জন্য সে মাঠের বাইরে যাচ্ছে।’

বিশ্বকাপে এস্তেভাওকে পাওয়া যাবে কি না প্রশ্নে চেলসি কোচ বলেন, ‘সত্যি কথা বলতে গেলে, আমি এই ব্যাপারে নিশ্চিত নই। আমি শুধু জানি যে সে আর আমাদের হয়ে খেলবে না। সুতরাং আমি নিশ্চিত সে বিশ্বকাপে খেলার ব্যাপারে খুব আশাবাদী থাকবে, কিন্তু আমি এই ব্যাপারে জানি না।’

ইত্তেফাক/জেডএইচ