মাদক-চাঁদাবাজির সঙ্গে জড়িত কাউকেই বিন্দুমাত্র ছাড় নয়: সড়ক প্রতিমন্ত্রী

আপডেট : ২৫ এপ্রিল ২০২৬, ২৩:১৬

রাজনৈতিক পরিচয় বিবেচনায় না নিয়ে অপরাধীকে আইনের আওতায় আনা হবে জানিয়ে রেলপথ ও সড়ক প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব জানিয়েছেন, মাদক ও চাঁদাবাজির সঙ্গে জড়িত কাউকেই বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না।

শনিবার (২৫ এপ্রিল) বিকেলে রাজধানীর মাদারটেকে অসহায় বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

জনকল্যাণমূলক কাজ করেই সরকার জনগণের পাশে থাকবে জানিয়ে রেলপথ ও সড়ক প্রতিমন্ত্রী বলেন, মাদক ও চাঁদাবাজির সঙ্গে জড়িত কাউকেই বিন্দুমাত্র ছাড় দেয়া হবে না। রাজনৈতিক পরিচয় বিবেচনায় না নিয়ে অপরাধীকে আইনের আওতায় আনা হবে।

এসময় তিনি আরও বলেন, সরকারের ৩১ দফা বাস্তবায়নে সকল পদক্ষেপই নেওয়া হবে। সরকারের বিরুদ্ধে প্রপাগান্ডা চালিয়ে সরকারের উন্নয়নকে দমিয়ে রাখা যাবে না।

অনুষ্ঠান শেষে বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের হাতে হুইল চেয়ার তুলে দেন হাবিবুর রশিদ হাবিব।

ইত্তেফাক/এমএস