যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতিতে হোয়াইট হাউস করেসপন্ডেন্টস ডিনারে গুলির ঘটনার নিন্দা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেছেন, গণতন্ত্রে সহিংসতার কোনো স্থান নেই।
শনিবার (২৫ এপ্রিল) রাতে ওয়াশিংটন ডিসির ওয়াশিংটন হিলটন হোটেলে আয়োজিত নৈশভোজ চলাকালে হঠাৎ গুলির শব্দ শোনা যায়। এ সময় সিক্রেট সার্ভিস দ্রুত ট্রাম্প ও মেলানিয়া ট্রাম্পসহ সংশ্লিষ্টদের নিরাপদ স্থানে সরিয়ে নেয়।
এক আইন প্রয়োগকারী কর্মকর্তার বরাতে জানা গেছে, ফার্স্ট লেডিসহ মন্ত্রিসভার কোনো সদস্য আহত হননি এবং সবাই নিরাপদে আছেন।
মার্কিন তদন্ত সংস্থা এফবিআই জানিয়েছে, সন্দেহভাজন হামলাকারীকে আটক করা হয়েছে এবং ওয়াশিংটন ফিল্ড অফিস ঘটনাটি তদন্ত করছে। ট্রাম্পও সামাজিক যোগাযোগমাধ্যমে বন্দুকধারী আটক হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় মোদি বলেন, “ওয়াশিংটন ডিসির ঘটনায় প্রেসিডেন্ট ট্রাম্প, ফার্স্ট লেডি ও ভাইস প্রেসিডেন্ট নিরাপদ আছেন জেনে স্বস্তি পেলাম। তাদের নিরাপত্তা ও সুস্থতা কামনা করছি।”
তিনি আরও বলেন, “গণতন্ত্রে সহিংসতার কোনো স্থান নেই এবং এ ধরনের ঘটনার স্পষ্ট নিন্দা করা উচিত।”
Relieved to learn that President Trump, the First Lady and Vice President are safe and unharmed following the recent security incident at a Washington DC hotel. I extend my best wishes for their continued safety and well-being. Violence has no place in a democracy and must be…
— Narendra Modi (@narendramodi) April 26, 2026
