বিশ্ব বাণিজ্যে টিকে থাকতে দক্ষতা বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর

আপডেট : ২৭ এপ্রিল ২০২৬, ১৩:২৪

বিশ্ব বাণিজ্য ব্যবস্থার আধুনিক নিয়মের সঙ্গে তাল মেলাতে এবং আন্তর্জাতিক বাণিজ্যের শর্তাবলি যথাযথভাবে পালনের জন্য সরকারি কর্মকর্তাদের সক্ষমতা বাড়ানোর ওপর জোর দিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

সোমবার (২৭ এপ্রিল) রাজধানীর বিদ্যুৎ ভবনে কর্মকর্তাদের জন্য চার দিনব্যাপী এক বিশেষ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী জানান, বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) তথ্য আদান-প্রদান বা নোটিফিকেশন সংক্রান্ত নিয়মগুলো সঠিকভাবে বজায় রাখা আন্তর্জাতিক বাণিজ্যে বাংলাদেশের কার্যকর অংশগ্রহণের জন্য অত্যন্ত জরুরি।

মন্ত্রী এই প্রশিক্ষণকে একটি সময়োপযোগী পদক্ষেপ হিসেবে উল্লেখ করে বলেন, এর ফলে বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তাদের মধ্যে কাজের সমন্বয় বাড়বে এবং আন্তর্জাতিক বাণিজ্য বিষয়ে তাদের জ্ঞান ও পেশাদারিত্ব বৃদ্ধি পাবে।

প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীরা অর্জিত জ্ঞান বাস্তব ক্ষেত্রে প্রয়োগ করে দেশের অর্থনৈতিক অগ্রগতিতে ভূমিকা রাখবেন। ডব্লিউটিও-র বর্তমান স্থবিরতা কেটে গিয়ে ভবিষ্যতে এটি আরও শক্তিশালী হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

প্রশিক্ষণ কর্মসূচিতে বিভিন্ন মন্ত্রণালয়ের ৫০ জন কর্মকর্তা অংশ নিচ্ছেন, যেখানে আইটিটিসি-র বিশেষজ্ঞগণ প্রশিক্ষণ প্রদান করছেন। অনুষ্ঠানে বাণিজ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ইত্তেফাক/আইএ