ঢাকার সঙ্গে উন্নয়ন সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচনে আগ্রহী ওয়াশিংটন

আপডেট : ২৭ এপ্রিল ২০২৬, ১৭:৩১

বাংলাদেশের সঙ্গে উন্নয়ন সহযোগিতা ও অংশীদারিত্বের নতুন দিগন্ত উন্মোচনের আগ্রহ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। সোমবার (২৭ এপ্রিল) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সচিবালয়ে সৌজন্য সাক্ষাৎকালে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন এই আগ্রহের কথা জানান।

পরে বৈঠক ও সাক্ষাৎ বিষয়ে মির্জা ফখরুল ইসলাম বলেন, উন্নয়ন সহযোগিতায় নতুন দিগন্ত উন্মোচন করতে চায় ঢাকা-ওয়াশিংটন। বাংলাদেশের চলমান উন্নয়ন কার্যক্রমে আন্তর্জাতিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে পানি সরবরাহ, কৃষি, অবকাঠামো উন্নয়ন এবং গ্রামীণ যোগাযোগ খাতকে আরও শক্তিশালী করতে প্রযুক্তিগত সহায়তা, গবেষণা এবং বিনিয়োগ বাড়ানোর প্রয়োজন রয়েছে। তিনি বাংলাদেশকে বিদেশি বিনিয়োগের জন্য একটি সম্ভাবনাময় ক্ষেত্র হিসেবে তুলে ধরে আগ্রহী বিনিয়োগকারীদের স্বাগত জানান।

তিনি আরও বলেন, উন্নয়ন কার্যক্রমে বেসরকারি খাতের অংশগ্রহণ বাড়ানো সময়ের দাবি। দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্র এ অঞ্চলের গবেষণা প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে বলেও উল্লেখ করেন তিনি। ভবিষ্যতে এ সহযোগিতা আরও বিস্তৃত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন মন্ত্রী।

অন্যদিকে রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট খাতে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বিশেষ করে কৃষি, জ্বালানি সহায়তা এবং সোলার প্যানেলসহ নবায়নযোগ্য জ্বালানি খাতে সহযোগিতা বৃদ্ধির আহ্বান জানান।

বৈঠক শেষে উভয় পক্ষই আশা প্রকাশ করেন, পারস্পরিক সহযোগিতা ও অংশীদারিত্বের মাধ্যমে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের উন্নয়ন ও অগ্রগতির ধারা ভবিষ্যতে আরও বেগবান হবে।

 

ইত্তেফাক/এমএসআর