আগুন নিয়ে খেলবেন না: হিজবুল্লাহকে ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী

আপডেট : ২৮ এপ্রিল ২০২৬, ০৫:৫৯

লেবানন ও ইসরায়েল সীমান্তে চলমান উত্তেজনার পারদ আরও উসকে দিয়ে হিজবুল্লাহ প্রধান নাঈম কাসেমকে তীব্র হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ। হিজবুল্লাহর পক্ষ থেকে সরাসরি আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করার পর কাটজ মন্তব্য করেন যে, নাঈম কাসেম মূলত ‘আগুন নিয়ে খেলছেন’।

হিজবুল্লাহর এই কঠোর অবস্থানের প্রেক্ষাপটে ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী পুরো লেবানন রাষ্ট্রকেও সতর্ক করে দিয়েছেন।

সম্প্রতি জাতিসংঘের এক দূতের সঙ্গে আলাপকালে ইসরায়েল কাটজ বলেন, লেবানন সরকার যদি হিজবুল্লাহর মতো সশস্ত্র গোষ্ঠীকে সমর্থন দেওয়া ও আশ্রয় দেওয়া বন্ধ না করে, তবে এর পরিণাম হবে ভয়াবহ। তিনি হুমকি দিয়ে বলেন, হিজবুল্লাহর কর্মকাণ্ডের দায়ভার লেবানন সরকারকে নিতে হবে এবং এর ফলে পুরো দেশটি যুদ্ধের আগুনে জ্বলে পুড়ে ছারখার হয়ে যেতে পারে।

এর আগে হিজবুল্লাহর শীর্ষ নেতা নাঈম কাসেম এক বক্তব্যে ইসরায়েলের সঙ্গে যেকোনো ধরনের আলোচনার সম্ভাবনা নাকচ করে দেন। তিনি দাবি করেন, ইসরায়েলের সঙ্গে সমঝোতা বা সংলাপে বসে লেবাননের কোনো রাজনৈতিক বা কৌশলগত লাভ হবে না। বরং লেবানন সরকারকে আলোচনার পথ পরিহার করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ইসরায়েলের সঙ্গে যেকোনো ধরনের আপস করা হবে একটি বড় ধরনের ঐতিহাসিক ভুল।

দুই পক্ষের এই অনমনীয় ও পাল্টাপাল্টি অবস্থানের কারণে মধ্যপ্রাচ্যের এই সীমান্ত অঞ্চলে এখন যুদ্ধের ঘনঘটা দেখা দিয়েছে। হিজবুল্লাহর লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা এবং ইসরায়েলের পক্ষ থেকে লেবানন ধ্বংসের হুমকির ফলে ওই অঞ্চলের সাধারণ মানুষের মধ্যে চরম উদ্বেগ ছড়িয়ে পড়েছে। আলজাজিরার প্রতিবেদন অনুযায়ী, সীমান্তের দুই পাশেই সামরিক তৎপরতা ও সতর্কাবস্থা জোরদার করা হয়েছে।

ইত্তেফাক/এনএন