চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় ফিলিং স্টেশনে তেল আসার আগেই পথে তেল পাচারের সময় তেলবাহী গাড়ি হাতেনাতে আটক করেছে পুলিশ।
সোমবার (২৭ এপ্রিল) সোমবার দিবাগত রাত ২টার সময় ভোলাহাট উপজেলার স্থানীয় মেসার্স হিরো ব্রিক (হিরো ভাটা) নামে ইট ভাটায় তেল পাচারকালে তেলবাহী গাড়িসহ মেসার্স ভোলাহাট ফিলিং স্টেশনের মালিক আব্দুল লতিফের ডেকে নেওয়া ভোলাহাট উপজেলা এবং পার্শ্ববর্তী উপজেলার একটি নসিমন (ভুটভুটি), ৪ ট্রলি, ২টি চার্জার ভ্যান অর্ধ শতাধিক ড্রাম ও জার (জারকিন) জব্দ করে পুলিশ।
ভোলাহাট থানা কর্তৃক জব্দকৃত একটি চার্জার ভ্যান ছাড়াতে আসা দলদলি উচ্চ বিদ্যালয় গেট সংলগ্ন এক খুচরা তেল ব্যবসায়ী মোসা. খতিজা বলেন, গতকাল রাতে ভোলাহাট পাম্পের মালিক আব্দুল লতিবকে ২১ হাজার টাকা অগ্রিম দিয়েছি। তেল নিতে আসা ভ্যানটি থানা থেকে ছাড়াতে থানায় এসেছি।
ভোলাহাট থানায় জব্দকৃত একটি ট্রলির চালক সোহেল মোবাইল ফোনে জানান, গতকালকে রাত ১২টার দিকে ভোলাহাট পাম্পের লোকজন ফোন দিয়ে তেল নিতে ডেকেছিল এবং হিরো ভাটাতে আমি গিয়েছিলাম কিন্তু তেল পাওয়ার আগেই ভোলাহাট থানা পুলিশ আমার ট্রলিটা নিয়ে চলে যায়।
মেসার্স হিরো ব্রিক (হিরাে ভাটা) এর মালিক পক্ষ জানান, আমরা কিছু জানি না আর আমাদের ভাটার নাইট গার্ড ঘুমিয়ে ছিল আর পুলিশ আসার পর তারা জানতে পারে বলে জানান ভাটা কর্তৃপক্ষ।
এ বিষয়ে মেসার্স ভোলাহাট ফিলিং স্টেশনের মালিক আব্দুল লতিফকে ফোন করা হলে তাকে পাওয়া যায়নি এবং সকালে সরজমিনে গিয়ে দেখা যায়, পাম্পে তালা লাগানো কোনো কর্মচারীও নেই।
অতিরিক্ত পুলিশ সুপার (গোমস্তাপুর সার্কেল) মো. হাসান তারেক বলেন, আমরা তেলবাহী ১টি লরি (গাড়ি), পাচারের উদ্দেশ্যে আসা ৪টি ট্রলি ও ২টি চার্জার ভ্যানসহ কিছু ড্রাম ও জার জব্দ করেছি। সুষ্ঠু তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ভোলাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা থানাতে না থাকায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
