বিগত সরকার বিদ্যুতের ৪০ হাজার কোটি টাকা বকেয়া রেখে গেছে: অর্থমন্ত্রী

আপডেট : ২৯ এপ্রিল ২০২৬, ১৫:৪০

বিগত সরকার বিদ্যুৎ খাতে প্রায় ৪০ হাজার কোটি টাকার বকেয়া রেখে গেছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বুধবার (২৯ এপ্রিল) রাজধানীর একটি হোটেলে জাতীয় রাজস্ব বোর্ডের পরামর্শক কমিটির সভায় তিনি এ কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, অর্থনীতির বর্তমান কঠিন পরিস্থিতিতে সরকার সব খাতে কর ছাড় বা সুবিধা দিতে পারবে না। তবে ব্যবসা সহজীকরণে প্রয়োজনীয় আনুষঙ্গিক সহায়তা নিশ্চিত করা হবে। ব্যবসার ক্ষেত্রে বিদ্যমান প্রতিবন্ধকতাগুলো দূর করতে কাজ করছে সরকার।

তিনি আরও বলেন, মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার কারণে জ্বালানি আমদানিতে অতিরিক্ত ব্যয় বেড়েছে, যা সরকারের ওপর নতুন করে চাপ সৃষ্টি করেছে। শুধু জ্বালানি খাতেই অতিরিক্ত প্রায় ৪ বিলিয়ন ডলার ব্যয় করতে হয়েছে।

মুক্তবাজার অর্থনীতির ধারণাতেই সরকার পরিচালিত হবে জানিয়ে অর্থমন্ত্রী আরও বলেন, ব্যক্তিখাতের উন্নয়নের মাধ্যমেই অর্থনীতিকে টেনে তোলা হবে। যেকোনো সম্ভাবনাময় রফতানি খাতকেই তৈরি পোশাক শিল্পের মতো সরকারি সহায়তা দেবে সরকার।

ইত্তেফাক/এমএসআর