বিলের পাড়ে মিললো চালকের মরদেহ, অটোরিকশাটি ‘হাওয়া’

আপডেট : ২৯ এপ্রিল ২০২৬, ১৬:২৩

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় নাঈম হোসেন (২৫) নামের এক অটোরিকশা চালকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৯ এপ্রিল) সকালে উপজেলার সোনাখাড়া ইউনিয়নের খৈচালা বিলের পাড় থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে স্থানীয়রা বিলের পাড়ের রাস্তার উপর একটি গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে রায়গঞ্জ থানার ওসি মো. আহসনুজ্জামান ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করেন।

নিহত নাঈম হোসেন সলঙ্গা থানার মালতীনগর এলাকার মৃত নজরুল ইসলামের ছেলে। তিনি রাজমিস্ত্রীর কাজের পাশাপাশি অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।

নিহতের পরিবার জানান, মঙ্গলবার তিনি অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন। তবে রাতেও তিনি বাড়ি ফিরে না আসায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন। পরদিন সকালে তার মরদেহ উদ্ধার হওয়ার খবর পাওয়া যায়। তবে তার অটোরিকশাটি পাওয়া যায়নি।

রায়গঞ্জ থানার ওসি মো. আহসনুজ্জামান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালে  পাঠানো হয়েছে।

রায়গঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে তিনি আরও জানান, এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

ইত্তেফাক/এপি