যুদ্ধবিরতির সময়ে হামলার নতুন নতুন লক্ষ্যবস্তু ঠিক করেছে ইরান: সেনাবাহিনীর মুখপাত্র

আপডেট : ২৯ এপ্রিল ২০২৬, ১৯:১৯

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসন বন্ধ থাকার (যুদ্ধবিরতি) সময়কালে ইরানের সামরিক বাহিনী তাদের লক্ষ্যবস্তুর তথ্যভান্ডার হালনাগাদ ও পুরোপুরি সমৃদ্ধ করেছে এবং একই সঙ্গে সামরিক সরঞ্জামের মানোন্নয়ন করেছে বলে জানিয়েছেন ইরানের সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরামিনিয়া।

মঙ্গলবার (২৮ এপ্রিল) ইরান পূর্ণ সামরিক প্রস্তুতির মধ্যে অবস্থায় রয়েছে জানিয়ে এক টেলিভিশন অনুষ্ঠানে সেনাবাহিনীর মুখপাত্র বলেন, সেনাবাহিনী এই যুদ্ধকে শেষ বলে মনে করছে না।

ব্রিগেডিয়ার আকরামিনিয়া বলেন, যুদ্ধ শুরুর পর থেকে যখনই লড়াই থেমেছে ও যুদ্ধবিরতি কার্যকর হয়েছে, তখনই শত্রুপক্ষের ওপর অনাস্থার কারণে সেনাবাহিনী তাদের লক্ষ্যগুলো হালনাগাদ করা, লক্ষ্যবস্তুর তালিকা সম্পূর্ণ করা, প্রশিক্ষণ অব্যাহত রাখা এবং যুদ্ধকালীন অভিজ্ঞতা কাজে লাগানোর প্রক্রিয়া চালিয়ে গেছে।

এই সেনা কর্মকর্তা আরও বলেন, সেনাবাহিনী তাদের সামরিক সরঞ্জাম উৎপাদন ও মানোন্নয়ন উভয় কাজই করেছে এবং ইরানের জন্য পরিস্থিতি মূলত এখনো যুদ্ধকালীন অবস্থার মতোই রয়ে গেছে।

সেনাবাহিনীর মুখপাত্র বলেন, বাহিনীর নজরদারি, পর্যবেক্ষণ ও সরঞ্জাম সজ্জিত করার কার্যক্রম কোনো বিরতি ছাড়াই অব্যাহত রয়েছে। তিনি আশ্বস্ত করে বলেন, শত্রু যদি আবারও কোনো আগ্রাসন চালায়, তবে তাদের ইরানের নতুন নতুন সামরিক সরঞ্জাম, কৌশল এবং লড়াইয়ের নতুন জায়গায় মোকাবিলা করতে হবে।

তথ্যসূত্র: তাসনিম নিউজ এজেন্সি

ইত্তেফাক/এমএস