ফরিদপুরে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘মিড-ডে মিল’-এ শিক্ষার্থীদের মাঝে খাওয়ার অনুপযোগী কাঁচা কলা বিতরণের অভিযোগে সহকারী শিক্ষক গোলাপী বেগমকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মহিউদ্দীন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। এর আগে সদর উপজেলার ৯৩ নম্বর শহীদ সালাহ উদ্দীন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
অভিযোগ অনুযায়ী, ২৫ এপ্রিল স্কুল ফিডিং কর্মসূচির আওতায় সরবরাহকারী প্রতিষ্ঠানের কাছ থেকে অপরিপক্ব ও খাওয়ার অনুপযোগী কাঁচা কলা গ্রহণ করেন সংশ্লিষ্ট শিক্ষিকা। পরদিন তা শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করলে বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং অভিভাবকদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।
প্রশাসনের মতে, এ ঘটনায় প্রাথমিক শিক্ষার ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। ফলে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা ২০১৮ অনুযায়ী ‘অসদাচরণ’-এর অভিযোগে ২৮ এপ্রিল থেকে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্তকালীন সময়ে তিনি নিয়ম অনুযায়ী খোরাকি ভাতা পাবেন।
এ বিষয়ে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বলেন, স্কুল ফিডিংয়ের খাদ্য সরবরাহকারী প্রতিষ্ঠানের মানহীন খাদ্য সরবরাহের বিষয়টি অধিদপ্তরে লিখিতভাবে জানানো হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি উল্লেখ করেন।
খাদ্য সরবরাহকারী প্রতিষ্ঠানের নাম জানতে চাইলে তিনি বলেন, স্কুল ফিডিংয়ে খাদ্য সরবরাহকারী প্রতিষ্ঠান ঢাকা থেকে সিলেকশন করা হয়েছে।

