জামালপুরের ইসলামপুরে ডোবার পানিতে ভাসছে সরকারি ওষুধ। কমিউনিটি ক্লিনিকের পাশের ডোবায় এসব ওষুধ ভাসতে দেখে এলাকাবাসীর মাঝে চরম ক্ষোভে সৃষ্টি হয়েছে।
ঘটনার কিছু ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরালের পর তদন্ত কমিটি গঠনের কথা জানিয়েছে কর্তৃপক্ষ।
শুক্রবার (১ মে) সরেজমিনে দেখা গেছে, উপজেলার বেলগাছা ইউনিয়নের ধনতলা কমিউনিটি ক্লিনিক সংলগ্ন ডোবায় বিপুল পরিমাণ সরকারি ওষুধ ভাসছে। সরকারি স্বাস্থ্যসেবায় বরাদ্দ এসব ওষুধ কীভাবে ডোবায় এলো তা জনমনে প্রশ্ন দেখা দিয়েছে।
ক্ষোভ প্রকাশ করে স্থানীয়রা জানান, বৃহস্পতিবার বিকেলের দিকে উপজেলার বেলগাছা ইউনিয়নের ধনতলা কমিউনিটি ক্লিনিকের পাশের ডোবায় বিপুল পরিমাণ ওষুধ ভাসতে দেখতে পান তারা। ডোবাতে সরকারি ওষুধ ভাসছে অথচ আমরা চাহিদা মত চিকিৎসা সেবা ও ওষুধ পাই না। নিয়মিত স্বাস্থ্যসেবা মেলে না, অধিকাংশ সময় বন্ধই পাওয়া যায়। খোলা থাকলেও রোগীদের বলতো ওষুধ নেই।
ধনতলা কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্য সহকারী মো. মিস্টার আলী বলেন, এ বিষয়ে আমি কিছুই জানি না।
ইসলামপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এ এ এম আবু তাহের বলেন, পানিতে ওষুধ ভাসতে থাকার বিষয়টি শুনেছি। ওই ঘটনায় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তিন কর্মদিবসের মধ্যে কমিটিকে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

