বিগত ফ্যাসিস্ট সরকার আর এই সরকার এক নয়: সালাউদ্দিন টুকু

আপডেট : ০২ মে ২০২৬, ১৭:১৪

বিগত ফ্যাসিস্ট সরকার আর এ সরকার এক নয়, বিএনপি যা বলে, তাই করে- বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। 

শনিবার (২ মে) দুপুরে টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া ইউনিয়নের খুদিরামপুর এলাকায় ধলেশ্বরী ও লৌহজং নদীর পুনঃখনন কার্যক্রম উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ধলেশ্বরী ও লৌহজং নদীর নাব্যতা ফিরিয়ে আনা টাঙ্গাইলবাসীর দীর্ঘদিনের দাবি। সে লক্ষ্যেই পুনঃখনন কাজ শুরু হয়েছে। নদীর জায়গা দখল করে রাখা হলে তা উচ্ছেদে প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব নেওয়ার পর থেকেই সারাদেশে খাল ও নদী খনন কর্মসূচি শুরু হয়েছে, যা সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের অংশ।

অনুষ্ঠানে টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মাঈন উদ্দিনের সভাপতিত্বে স্থানীয় প্রশাসন ও বিএনপির নেতারা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সঞ্জয় কুমার মহন্ত, উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার আবেদুল ইসলাম এবং জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন উল্লেখযোগ্য।

উল্লেখ্য, ধলেশ্বরী ও লৌহজং নদীর মোট ৫২ দশমিক ৯২ কিলোমিটার পুনঃখননের জন্য প্রায় ৪১ কোটি ৭০ লাখ টাকা ব্যয় নির্ধারণ করা হয়েছে।

 
ইত্তেফাক/এসএ