ডিএমপি কমিশনার

আগের মতো শীর্ষ সন্ত্রাসী নেই, নতুনদেরও মাথাচাড়া দিতে দেওয়া হবে না

আপডেট : ০২ মে ২০২৬, ২০:৪৬

রাজধানী ঢাকায় আগের মতো বড় ধরনের শীর্ষ সন্ত্রাসীদের অস্তিত্ব এখন আর নেই বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার। তিনি বলেন, অতীতে যেসব শীর্ষ সন্ত্রাসী সক্রিয় ছিল, বর্তমানে সে ধরনের বড় কোনো অপরাধী চক্র রাজধানীতে নেই। তবে তাদের সহযোগী কিংবা নতুন করে যারা অপরাধ জগতে প্রভাব বিস্তারের চেষ্টা করছে, তাদের কড়া নজরদারিতে রাখা হয়েছে। আমাদের মনিটরিং ও পর্যবেক্ষণ অব্যাহত রয়েছে। কেউ মাথাচাড়া দিয়ে ওঠার আগেই তাদের দমন করা হবে।

শনিবার (২ মে) দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে নতুন পুলিশ ক্যাম্প উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মো. সরওয়ার বলেন, রাজধানীর অপরাধ দমনে শীর্ষ সন্ত্রাসীদের তালিকা নিয়মিত হালনাগাদ করা হচ্ছে বলেও জানান তিনি। নতুন স্থাপিত পুলিশ ক্যাম্পটি মূলত এ এলাকায় চাঁদাবাজি ও অন্যান্য অপরাধ নিয়ন্ত্রণে ভূমিকা রাখবে। ক্যাম্পে সার্বক্ষণিক পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করবেন। স্থানীয় ব্যবসায়ীরা গোপন বা প্রকাশ্যে তথ্য দিলে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে ফোর্স আরও বাড়ানো হবে।

তিনি আরও বলেন, ঢাকা মহানগরীতে ইতোমধ্যে চাঁদাবাজি ও মাদকবিরোধী বিশেষ অভিযান শুরু হয়েছে এবং বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। এই অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি রাজধানীর বিভিন্ন স্থানে গোপন নজরদারি জোরদার করা হয়েছে এবং সিনিয়র কর্মকর্তাদের নেতৃত্বে নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছে। এসব পদক্ষেপের মাধ্যমে ঢাকায় অপরাধ উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনা সম্ভব হবে।

থানায় সেবা না পাওয়ার অভিযোগ প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার বলেন, কোনো থানায় মামলা না নিলে ভুক্তভোগীরা সংশ্লিষ্ট জোনাল সহকারী পুলিশ কমিশনার (এসি), ডেপুটি কমিশনার (ডিসি) কিংবা ডিএমপির ক্রাইম বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। এমনকি পুলিশের বিরুদ্ধে কোনো অভিযোগ পাওয়া গেলে, সেটিও অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

ইত্তেফাক/এমএএম