ব্রেক নিচ্ছেন ইয়াশ

আপডেট : ০৩ মে ২০২৬, ১১:৫৬

নতুন সিনেমা ‘রামায়ণ’ ও ‘টক্সিক’-এর প্রথম ঝলক প্রকাশের পর ভক্তদের জন্য হতাশার খবর দিলেন কন্নড় সুপারস্টার ইয়াশ। চলতি বছরে এই দুই সিনেমা মুক্তির পর অভিনয় থেকে সাময়িক বিরতি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস নাওয়ের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইয়াশ বলেন, ২০২২ সালের পর তার নতুন কোনো সিনেমা মুক্তি না পাওয়ায় ভক্তদের মধ্যে হতাশা তৈরি হয়েছে। তবে তিনি জানান, নতুন লক্ষ্য ও পরিকল্পনা নিয়ে এগোতে সময় ও মনোযোগ প্রয়োজন বলেই এই বিরতির সিদ্ধান্ত।

তিনি আরও বলেন, টানা দুটি সিনেমার কাজে ব্যস্ত থাকার পর এখন কিছুটা বিরতি নিতে চান।

তবে অভিনয় ছাড়ছেন না বলেও স্পষ্ট করেছেন এই তারকা। ভবিষ্যতে আরও বড় ও ভালো প্রজেক্টে কাজ করার প্রস্তুতির অংশ হিসেবেই এই বিরতি নিচ্ছেন তিনি।

ইয়াশের আসন্ন দুটি সিনেমা হলো গীতু মোহনদাস পরিচালিত ‘টক্সিক: এ ফেয়ারি টেল ফর গ্রোন আপস’ এবং নিতেশ তিওয়ারি পরিচালিত ‘রামায়ণ’।

‘টক্সিক’ সিনেমায় ইয়াশের সঙ্গে অভিনয় করেছেন কিয়ারা আদভানি, নয়নতারা, হুমা কোরেশি ও রুক্মিণী বসন্ত। আর ‘রামায়ণ’ সিনেমায় রয়েছেন রণবীর কাপুর, সাই পল্লবী ও সানি দেওল।

 
ইত্তেফাক/এসএ