হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে আরও ১ শিশুর মৃত্যু, নতুন ভর্তি ৩০

আপডেট : ০৩ মে ২০২৬, ১২:১৪

হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে আরও ১ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে সেখানে ২৩ শিশুর মৃত্যু হলো। এছাড়া গত ২৪ ঘন্টায় নতুন করে আরও ৩০ শিশু ভর্তি হয়েছে। এ নিয়ে সেখানে চিকিৎসাধীন মোট ৮২ শিশু।

রোববার (৩ মে) সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের হাম মেডিকেল দলের ফোকালপারসন সহযোগী অধ্যাপক ডা. মোহা. গোলাম মাওলা এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গত ২৮ এপ্রিল দুপুর দুইটার দিকে ময়মনসিংহের ফুলপুর থেকে ৯ মাসের শিশু ছেলেকে হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে নিয়ে এসে ভর্তি করা হয়। গতকাল শনিবার বেলা সাড়ে ১২টার দিকে শিশুটি হামের উপসর্গের পাশাপাশি নিউমোনিয়া ও হার্ট ফেইলিউর হয়ে মারা যায়।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, গত ১৭ মার্চ থেকে ৩ মে সকাল পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ১ হাজার ৪৬ শিশু ভর্তি হয়েছে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে আরও ৩০ শিশু। এ নিয়ে হাসপাতাল থেকে মোট ছাড়া পেয়েছে ৯৪১ শিশু।

হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মোহাম্মদ মাইনউদ্দিন খান বলেন, চলতি বছরের ফেব্রুয়ারি থেকে এক দুইজন করে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হতে থাকে। তবে মার্চের মাঝামাঝি থেকে ভর্তির সংখ্যা বাড়তে থাকে।

তিনটি মেডিকেল টিম গঠন করে হাসপাতালের নতুন ভবনের ৮তলায় হাম আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

ইত্তেফাক/এএইচপি