জামালপুর জেলা ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মাদারগঞ্জের সাদ বাবু রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন। ফেসবুকে নিজের ক্যারিয়ারের গঠনে সময় দেওয়ার আগ্রহ প্রকাশ করে রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন তিনি।
রোববার (৩ মে) এই ঘোষণার পর স্থানীয় রাজনৈতিক অঙ্গনে বিষয়টি নিয়ে নানা আলোচনা-সমালোচনা সৃষ্টি হয়েছে। সাদ বাবু জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার গুনারীতলা ইউনিয়নের নিশ্চিন্তপুর এলাকার মাজহারুল ইসলাম খাদেমের পুত্র।
ফেসবুক পোস্টের ব্যাপারে জানতে চাইলে সাদ বাবু বলেন, ‘নিজের ক্যারিয়ার গড়ার জন্য রাজনীতি ছাড়ছেন। রাজনীতিতে সময় দিয়ে আমার ক্যারিয়ারের অনেকটা ক্ষতি করে ফেলেছি। এখন ক্যারিয়ারের দিকে নজর দেওয়ার সময়৷ তাই রাজনীতিতে আর ফিরছি না।’
সাদ বাবু তার নিজের ফেসবুক পোস্টে লিখেন, ‘আমি মো. সাদ বাবু ২০১৮-১৯ সাল থেকে পুরোপুরি রাজনীতিতে সক্রিয় ছিলাম। ২০২১-২২ সালে জামালপুর জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক পদে দায়িত্বে ছিলাম। দলের দুঃসময়ের প্রতিটি প্রোগ্রামে অংশগ্রহণ করেছি। কিন্তু এখন আমার কাছে মনে হচ্ছে আমার জীবন থেকে অনেক সময় ব্যয় করে দিয়েছি ও নিজের ক্যারিয়ার অনেকটাই ক্ষতি করেছি। এখন আমি আমার ক্যারিয়ারের দিকে নজর দিতে চাই। তাই আর রাজনীতিতে ফিরতে চাই না। অতএব আমি জামালপুর জেলা তথা মাদারগঞ্জ উপজেলা ছাত্রদল এর দৃষ্টি আকর্ষণ করছি যে আমি পুরোপুরি ভাবে ছাত্রদল থেকে অব্যাহতি নিলাম। কারো সাথে অন্যায় ও খারাপ আচরণ করলে ছোট ভাই হিসাবে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।’
এ বিষয়ে জামালপুর জেলা ছাত্রদলের সভাপতি আতিকুর রহমান সুমিল বলেন, মো. সাদ বাবু আগের কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ছিলেন। তার রাজনীতি ছাড়ার বিষয়টি আমার জানা নেই।

