মাছ ধরা নিয়ে সংঘর্ষ: বাগেরহাটে বিএনপি অফিসসহ দোকানপাট ভাঙচুর

আপডেট : ০৩ মে ২০২৬, ২১:২৯

বাগেরহাটের রামপালে মাছের ঘেরে মাছ ধরাকে কেন্দ্র করে দুই দফা সংঘর্ষের খবর পাওয়া গেছে। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন বলে দাবি করেছে উভয়পক্ষের লোকজন। তাছাড়া বিএনপির একটি স্থানীয় অফিস, কাঁকড়া ডিপোসহ বেশ কয়েকটি দোকানে ভাঙচুরের ঘটনা ঘটেছে।

শনিবার (৩ মে) রাত ৯টায় উপজেলার ভাগা বাজার এলাকায় বিএনপির উভয়পক্ষের অন্তত ১৪ জন আহত হন। দ্বিতীয় দফায় রোববার সকালে একজনের উপর হামলা করে মাথা ফাটিয়ে দেয় প্রতিপক্ষরা। এখন পর্যন্ত ঘটনাস্থলে থমথমে অবস্থা বিরাজ করছে এবং পুলিশ মোতায়েন রয়েছে।

উভয়পক্ষের সঙ্গে কথা বলে ও পুলিশের দেওয়া তথ্য অনুসারে জানা গেছে, শনিবার রাতে বিবাদমান মাছের ঘেরে মাছ ধরাকে কেন্দ্র করে দুই ব্যক্তিকে ধরে ভাগায় বিএনপির অফিসে এনে রাখা হয়। পরে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলের যাওয়ার আগে বহিরাগত কয়েকজন আটকদের ছাড়িয়ে আনতে গেলে সংঘর্ষের ঘটনা ঘটে।

আকবর হোসেন আকো জানান, প্রতিপক্ষের হামলায় ওই সময় আমিসহ অন্তত ৮ জন আহত হই। এদের মধ্যে মাসুদ ও খোকনকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

অন্যপক্ষের কামাল হোসেন জানান, দুইজন লোক আটক করেছে শুনে ভাগা বাজারে গেলে প্রতিপক্ষরা আমাদের ওপর হামলা চালায়। এসময় আমাদের ৭-৮ জন আহত হন।

উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব কাজী জাহিদুল ইসলাম জানান, ভাগার ঘটনায় আমি সেখানে যাইনি বা ছিলাম না। কিন্তু আমার বাড়ির সামনে এসে ভয়ভীতি, গালাগাল ও হুমকি প্রদান করা হয়েছে।

রামপাল থানার ওসি সুব্রত বিশ্বাস জানান, ভাগার সংঘর্ষের ঘটনার থানায় এখন পর্যন্ত কোনো পক্ষ অভিযোগ দায়ের করেনি। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পুলিশ মোতায়েন করা হয়েছে।

ইত্তেফাক/এপি