পিএসলের ফাইনালে দুর্দান্ত বোলিং নাহিদের, চ্যাম্পিয়ন পেশোয়ার

আপডেট : ০৪ মে ২০২৬, ০৯:০৪

পাকিস্তানের সুপার লিগের (পিএসএল) মাঝপথে দেশে ফিরে আসেন নাহিদ রানা। নিউজিল্যান্ড সিরিজের জন্য দেশে ফিরতে হয় এই টাইগার পেসারকে। তবে তার দল পেশোয়ার জালমি উঠে যায় ফাইনালে। 

শিরোপার লড়াইয়ে আবারও নাহিদকে চায় জালমি। বিসিবিও ছাড়পত্র দেয় নাহিদ রানাকে। ফাইনালে সুযোগ পেয়েই দুর্দান্ত বোলিং করেছেন এই গতিতারকা। ৪ ওভার বোলিং করে ২২ রান খরচায় ২ উইকেট শিকার করেছেন বাংলাদেশি এই পেসার। সেইসঙ্গে ৫ উইকেটের জয়ে শিরোপা নিজেদের করে নিয়েছে পেশোয়ার জালমি। 

রোববার (৩ মে) লাহোরে টস হেরে আগে ব্যাট করতে নেমে ১৮ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১২৯ রান করে হায়দরাবাদ কিংসম্যান। দলের হয়ে সর্বোচ্চ ৫৪ রান করেন সায়েম আয়ুব। 

এছাড়া মার্নাস লেবুশানে ২০, হাসান খান ১২ ও মাজ সাদাকাত করেন ১১ রান। আর কোনো ব্যাটার দুই অঙ্কের ঘর স্পর্শ করতে পারেননি। গ্লেন ম্যাক্সওয়েলকে রানের খাতা খোলার আগেই সাজঘরে পাঠান নাহিদ। এরপর হুনাইন শাহকে নিজের দ্বিতীয় শিকার বানান এই টাইগার পেসার। 

১৩০ টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতে ধাক্কা খায় পেশোয়ার। প্রথম ওভারে মোহাম্মদ হারিস ও বাবর আজমকে এক বলের বিরতি দিয়ে ফেরান মোহাম্মদ আলি। দারুণ ফর্মে থাকা বাবর গোল্ডেন ডাক মারেন। হারিস করেন ৬ রান।

৭ রানে দুই উইকেট পড়ার পর রানের গতি বাড়াতে গিয়ে ফের হোঁচট খায় পেশোয়ার। পাওয়ার প্লেতেই ৭ রানের ব্যবধানে কুশল মেন্ডিস ও মাইকেল ব্রেসওয়েলকে হারায় তারা। এরপর এরন হার্ডি ও আব্দুল সামাদের অপরাজিত জুটিতে জয় দেখছিল পেশোয়ার। 

কিন্তু সামাদকে ৪৮ রানে ফিরিয়ে ৮৫ রানের জুটি ভেঙে দেন আলি। ফারহান ইউসুফ চার মেরে জয় নিশ্চিত করেন। ১৫.২ ওভারে ৫ উইকেটে ১৩০ রান করে পেশোয়ার। হার্ডি ৩৯ বলে ৯ চারে ৫৬ রানে অপরাজিত ছিলেন।  

ইত্তেফাক/জেডএইচ