তামিলনাড়ুতে মাত্র ১ ভোটের ব্যবধানে হারলেন ডিএমকে মন্ত্রী

আপডেট : ০৫ মে ২০২৬, ১৬:৪৪

তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে এক অবিশ্বাস্য ফলাফল সামনে এসেছে। তিরুপাত্তুর আসনে মাত্র ১ ভোটের ব্যবধানে হেরেছেন রাজ্যের সমবায়মন্ত্রী এবং দ্রাবিড় মুনেত্র কাজগমের (ডিএমকে) প্রভাবশালী নেতা কেআর পেরিয়াকারুপ্পান।

মঙ্গলবার (৫ মে) দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। নির্বাচন কমিশন কর্তৃক প্রকাশিত সরকারি ফলাফল অনুযায়ী এই তথ্য জানানো হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। 

প্রতিবেদন অনুযায়ী, থালাপতি বিজয়ের দল তামিলগা ভেট্রি কাজগম (টিভিকে)-এর প্রার্থী শ্রীনিবাস সেতুপতি ৮৩ হাজার ৩৭৫ ভোট পেয়ে জয় লাভ করেন। অন্যদিকে, ডিএমকে’র প্রার্থী পেরিয়াকারুপ্পান পান ৮৩ হাজার ৩৭৪ ভোট। ফলে মাত্র এক ভোটের ব্যবধানে পরাজিত হন তিনি।

এ আসনে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-এর প্রার্থী কেসি থিরুমারান ২৯ হাজার ৫৪ ভোট পেয়ে তৃতীয় স্থানে রয়েছেন।

দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে আরও জানা যায়, ভোটগণনার শুরু থেকেই দুই প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলছিল। এমনকি শেষ দফার আগের রাউন্ড পর্যন্ত মন্ত্রী পেরিয়াকারুপ্পান ৩০ ভোটে এগিয়ে ছিলেন। তবে চূড়ান্ত গণনায় ১ ভোটের ব্যবধানে জয় ছিনিয়ে নেন টিভিকে প্রার্থী।

একজন মন্ত্রীর এই হার তামিলনাড়ুর রাজনীতিতে টিভিকের ক্রমবর্ধমান শক্তির প্রমাণ দেয়। এবারের নির্বাচনে ১০৮টি আসনে জয় পেয়ে থালাপতি বিজয়ের পার্টি একক বৃহত্তম দল হিসেবে আবির্ভূত হয়েছে, যা রাজ্যের দীর্ঘদিনের দ্বিমেরু রাজনীতিকে বড়সড় ধাক্কা দিলো।

 
ইত্তেফাক/এমএস