র্যাব সদস্যদের ওপর হামলার রেশ না কাটতেই নারায়ণগঞ্জের ফতুল্লায় এবার পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। এসময় লুটপাটের অভিযোগে আটক হওয়া তিনজনকে পুলিশের কাছ থেকে ছাড়িয়ে নেওয়া হয়।
বুধবার (৬ মে) দুপুরে ফতুল্লার পশ্চিম দেওভোগের হাশেমবাগ এলাকায় হামলার এই ঘটনা ঘটে। তবে হামলায় কোনো পুলিশ সদস্য আহত হননি বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।
নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) মো. হাসিনুজ্জামান বলেন, বুধবার দুপুর সাড়ে ৩টার দিকে পশ্চিম দেওভোগের হাশেম বাগ এলাকায় এক অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের বাড়িতে লুটপাটের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ৩ জনকে আটক করে। পরে পুলিশ সদস্যদের ওপর হামলার ঘটনা ঘটে।
তিনি আরও বলেন, অবসরপ্রাপ্ত এক পুলিশ সদস্যদের বাড়িতে লুটপাটের অভিযোগে ঘটনাস্থলে গিয়ে লুটপাটে বাধা দিয়ে তিনজনকে আটক করে পুলিশ। আটক ব্যক্তিদের পুলিশের কাছ থেকে জনি ও আজাদ নামে দুই ব্যক্তি তাদের সহযোগীদের নিয়ে পুলিশের ওপর হামলা করে ছাড়িয়ে নিয়ে যায়। তবে, এ ঘটনায় পুলিশের কোনো সদস্য আহত হননি বলেও জানান এ পুলিশ কর্মকর্তা।
ফতুল্লা মডেল থানার ওসি মোহাম্মদ মাহবুব আলম, ঘটনার পর ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বিষয়টি নিয়ে পুলিশ কাজ করছে।
উল্লেখ্য, এনিয়ে নারায়ণগঞ্জে প্রায় ৩০ ঘণ্টায় আইনশৃঙ্খলা বাহিনীর ওপর হামলার ৩টি ঘটনা ঘটলো। বুধবার দুপুরের ঘটনার প্রায় ২৪ ঘণ্টা আগে (মঙ্গলবার দুপুরে) ফতুল্লার বোয়ালিয়া খাল এলাকায় র্যাবের গোয়েন্দা টিমের উপর হামলা করে মাদক কারবারিরা। ওই ঘটনায় মাদক কারবারিদের হামলায় গুরুতর আহত হন র্যাব-১১’র এসআই নজিবুল, সদস্য মাহী ও ইব্রাহীম। এর আগে সোমবার দিবাগত মধ্য রাতে রূপগঞ্জের চনপাড়া বস্তি এলাকা থেকে মামলার পরোয়ানাভুক্ত আসামি যুবদল নেতা শামীম মিয়াকে গ্রেপ্তার করে পুলিশ। খবর পেয়ে তার সহযোগীরা পুলিশ সদস্যদের ঘেরাও ও হামলার করে গ্রেপ্তারদের ছাড়িয়ে নিয়ে যায়। ওই হামলায় রূপগঞ্জ থানার ওসিসহ ৬ পুলিশ সদস্য আহত হন।
