পশ্চিমবঙ্গে নতুন রাজ্য সরকার গঠন এবং মন্ত্রিসভার রূপরেখা চূড়ান্ত করতে কলকাতায় শুরু হয়েছে উচ্চপর্যায়ের রাজনৈতিক তৎপরতা। এই লক্ষ্য পূরণে শুক্রবার (৮ মে) সকালে কলকাতায় এসে পৌঁছেছেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও বিজেপি নেতা অমিত শাহ।
দুপুরে কলকাতার বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে বিজেপির জয়ী প্রার্থী তথা হবু বিধায়কদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠকে বসবেন তিনি। সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, এই বৈঠকেই চূড়ান্ত হতে পারে রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রীর নাম। এরপর শনিবার (৯ মে) ঐতিহাসিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে।
রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী কে হচ্ছেন, তা নিয়ে রাজনৈতিক মহলে এখনো ব্যাপক কৌতূহল ও ধোঁয়াশা বজায় রয়েছে। বর্তমানে এই পদের দৌড়ে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছেন শুভেন্দু অধিকারী, নিশিথ প্রামাণিক, অর্জুন সিং এবং গৌরী শঙ্কর ঘোষ। তবে একক কোনো নাম এখনো চূড়ান্ত হয়নি; বিজেপি কেন্দ্রীয় হাইকমান্ডের সিদ্ধান্তের ওপরই নির্ভর করছে সবকিছু। একটি দক্ষ ও স্বচ্ছ ভাবমূর্তির মন্ত্রিসভা উপহার দেওয়াই এখন দলটির মূল লক্ষ্য। ধারণা করা হচ্ছে, আজকের বৈঠকের পর বিকেলের মধ্যেই কাঙ্ক্ষিত সেই নাম ঘোষণা করা হতে পারে।
মুখ্যমন্ত্রী পদের পাশাপাশি নতুন মন্ত্রিসভায় কারা স্থান পাচ্ছেন, তা নিয়েও চলছে নানা জল্পনা-কল্পনা। জয়ী বিধায়কদের মধ্যে আরজি কর কাণ্ডে নির্যাতিতার মা রত্না দেবনাথ, উৎপল মহারাজ, রাজেশ কুমার ও দীপঞ্জন চক্রবর্তীর নাম জোরালোভাবে শোনা যাচ্ছে।
দলীয় সূত্রে জানা গেছে, তারুণ্য এবং অভিজ্ঞতার সমন্বয়ে একটি শক্তিশালী টিম গঠন করতে চায় বিজেপি নেতৃত্ব, যাতে প্রশাসনিক কাজে গতি আনা সম্ভব হয়। এই তালিকায় নারী ও প্রান্তিক জনপদের প্রতিনিধিদের বিশেষ গুরুত্ব দেওয়া হতে পারে বলে আভাস পাওয়া গেছে।
এদিকে আগামীকালকের শপথ অনুষ্ঠানকে কেন্দ্র করে ব্রিগেড প্যারেড গ্রাউন্ড এবং এর আশপাশের এলাকায় নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে। ব্যাপক জনসমাগমের কথা মাথায় রেখে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর সমন্বয়ে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নির্বাচনের ফলাফল যেমন চমকপ্রদ ছিল, তেমনি মন্ত্রিসভা গঠনের ক্ষেত্রেও রাজ্যবাসীর জন্য বড় কোনো চমক অপেক্ষা করছে। আগামীকালকের এই শপথ গ্রহণের মধ্য দিয়ে পশ্চিমবঙ্গে একটি নতুন রাজনৈতিক অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে।
সূত্র: এনডিটিভি
