রাজধানীর মহাখালী এলাকায় মোটরসাইকেলে আসা দুর্বৃত্তদের গুলিতে আহত হয়েছেন রফিকুল ইসলাম নামে এক ব্যক্তি। আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার (৭ মে) রাত সোয়া ১০টার দিকে মহাখালী পুরোনো কাঁচাবাজার এলাকায় এ ঘটনা ঘটে।
আহত রফিকুল ইসলাম মিরপুর-১৪ এলাকার ঢাকা ডেন্টাল কলেজ হাসপাতালের চুক্তিভিত্তিক (আউটসোর্সিং) কর্মচারী।
আজ শুক্রবার ঢামেক হাসপাতালে রফিকুলের বোন রাশেদা বেগম জানান, রাতে মহাখালী পুরোনো কাঁচাবাজারের সামনে দাঁড়িয়ে ছিলেন রফিকুল। এ সময় পাঁচ থেকে ছয়জন দুর্বৃত্ত মোটরসাইকেলে এসে তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুড়ে পালিয়ে যায়।
তিনি বলেন, একটি গুলি রফিকুলের বাম ঊরুতে লাগে। তবে কারা এবং কেন এ হামলা চালিয়েছে, সে বিষয়ে কিছু জানাতে পারেননি তিনি।
রফিকুল মহাখালীর ইনস্টিটিউট অব পাবলিক হেলথ স্টাফ কোয়ার্টারে বসবাস করেন।
ঢামেক পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. ফারুক জানান, অস্ত্রোপচারের মাধ্যমে রফিকুলের ঊরু থেকে একটি গুলি বের করা হয়েছে।

