১৫ মে’র মধ্যে নতুন কোচের সঙ্গে চুক্তি করতে চায় বাফুফে

আপডেট : ০৮ মে ২০২৬, ১৮:৫০

বাংলাদেশের ফুটবলে হ্যাভিয়ের কাবরেরা অধ্যায় শেষে। জাতীয় ফুটবল দলের নতুন কোচ কে হচ্ছেন? দেশের ক্রীড়াঙ্গনে এই প্রশ্নই এখন সবচেয়ে আলোচিত। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল জানিয়েছেন, আগামী ১৫ মে’র মধ্যে নতুন কোচের সঙ্গে চুক্তি সম্পন্ন করতে চায় তারা। 

শুক্রবার (৮ মে) মোহাম্মদপুর শারীরিক শিক্ষা কলেজ মাঠে গণমাধ্যমের মুখোমুখি হয়ে তাবিথ আউয়াল বলেন, ‘জাতীয় দল কমিটি বর্তমানে সাক্ষাৎকার গ্রহণ করছে। পাঁচজন কোচের সাক্ষাৎকার ইতোমধ্যে নেওয়া হয়েছে। আশা করছি, আগামী রোববারের মধ্যে আমরা একটি সিদ্ধান্তে পৌঁছাতে পারবো এবং ১৫ মের মধ্যে আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষর হবে।’

বাংলাদেশ দলের কোচ হতে আগ্রহ প্রকাশ করেন ব্রাজিলের অলিম্পিক জয়ী কোচ রোজারিও মিকেল। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে গুঞ্জন রয়েছে, বাফুফের সিদ্ধান্ত বিলম্ব হওয়ায় মিকেল নাকি অনাগ্রহ প্রকাশ করেছেন।

May be an image of text that says 'BANGLADESH UZU TEA FOR THE HISTORY MAKING SAPF 13 2020 NNS MPIL 真 良 CHAMPION'

সামাজিক যোগাযোগমাধ্যমের গুঞ্জন কান না দেওয়ার অনুরোধ জানিয়ে বাফুফে প্রধান বলেন, ‘সোশ্যাল মিডিয়ায় অনেক কিছুই শোনা যেতে পারে। আমি অনুরোধ করবো ফেডারেশনের আনুষ্ঠানিক বক্তব্যের ওপর নির্ভর করতে। আমরা যাদের সাক্ষাৎকার নিয়েছি, তারা সবাই অত্যন্ত আগ্রহী এবং রোববারে আমাদের সিদ্ধান্তের অপেক্ষায় আছেন।’

এছাড়া হাই-প্রোফাইল কোচ নিয়োগে বাজেট প্রসঙ্গে তাবিথ আউয়াল বলেন, ‘বাজেট অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু এটিই শেষ কথা নয়। যোগ্য কোচের জন্য যদি বাজেটের বাইরে যেতে হয়, তবে আমরা স্পন্সর, সরকার এমনকি সংশ্লিষ্ট দেশের দাতা সংস্থাগুলোর সঙ্গেও যোগাযোগ করবো। যেভাবেই হোক, আমরা আর্থিক চ্যালেঞ্জ মোকাবিলা করার চেষ্টা করবো।’

ইত্তেফাক/জেডএইচ