টয়লেটে মিললো শিশুর মরদেহ, আটক ৩

আপডেট : ০৮ মে ২০২৬, ২২:০৭

শেরপুরের নালিতাবাড়ীতে নিখোঁজের দীর্ঘ ২২ ঘণ্টা পর পাশের বাড়ির টয়লেট থেকে সানজিদা আক্তার (১০) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ৩ জনকে আটক করা হয়েছে। 

শুক্রবার (৮ মে) বিকেলে উপজেলার রামচন্দ্রকুড়া ইউনিয়নের পানিহাতা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সানজিদা উপজেলার পানিহাতা এলাকার আমিনুল ইসলামের মেয়ে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, নিহত সানজিদার মা চার বছর আগে মারা যায়। এরপর থেকে সে তার নানী সঙ্গে চাঁনভানু গ্রামে থাকত। গত বুধবার বিকেল থেকে সানজিদাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। অনেক খোঁজাখুঁজির পরও তার সন্ধান না পেয়ে পরিবারের সদস্যরা আত্মীয়-স্বজন ও স্থানীয়দের জানায়। 

পরে এলাকাবাসীর মাধ্যমে জানা যায়, নিখোঁজ শিশুটিকে সর্বশেষ কালাকুমা এলাকার চাঁন মিয়া ওরফে চাঁনু পাগলার ছেলে বিল্লাল হোসেনের সঙ্গে দেখা গিয়েছিল। পর শিশুটির খালা সখিনা বেগম অভিযুক্তের বাড়িতে গিয়ে সানজিদার বিষয়ে জানতে চাইলে লোকজনও সেখানে জড়ো হয়ে চানু পাগলাকে চাপ সৃষ্টি করেন।

একপর্যায়ে পলাতক বিল্লাল হোসেনকে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে সে জানায় সানজিদাকে হত্যা করে বাড়ির টয়লেটে রেখে গেছে। পরে টয়লেট থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে। খবর পেয়ে পুলিশ শিশুটির মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য অভিযুক্ত বিল্লাল হোসেনের বাবা চাঁন মিয়া পাগল, মা তহুরন বেগম ও বোন রাবেয়াকে আটক করে থানায় নিয়ে যায়। 

নালিতাবাড়ী থানার ওসি আশরাফুজ্জামান জানান, জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

ইত্তেফাক/এমএসআর