গাইবান্ধা জেলা অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিসে দুর্নীতি দমন কমিশন (দুদক) কর্মকর্তা পরিচয়ে ভয় দেখিয়ে ঘুষ দাবির অভিযোগে মো. জাফরুল্লাহ (৫০) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
রোববার (১০ মে) দুপুরে জেলা অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিস থেকে তাকে আটক করা হয়। আটক জাফরুল্লাহ ঠাকুরগাঁও জেলা সদরের বড়গাঁ এলাকার অছিম উদ্দিনের ছেলে।
গাইবান্ধা জেলা অ্যাকাউন্টস এন্ড ফিন্যান্স কর্মকর্তা খন্দকার মাহাতাব আলী জানান, রোববার সকালে জাফরুল্লাহ নামে ওই ব্যক্তি জেলা অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিসে প্রবেশ করে নিজেকে দুদক কর্মকর্তা হিসেবে পরিচয় দেন। এ সময় তিনি কৌশিক নামে অফিসের এক অডিটরকে খোঁজ করেন। পরে কৌশিককে অফিসের বাইরে ডেকে নেন। তিনি কৌশিককে জানান তার সাথে মোবাইল ফোনে দুদকের অপর এক কর্মকর্তা কথা বলবেন। এরপর তার নিজ মোবাইল ফোন থেকে ওই কর্মকর্তার সঙ্গে কথা বলে দেন। ফোনে ওই ব্যক্তি নিজেকে দুদক কর্মকর্তার পরিচয় দিয়ে কৌশিকের বিরুদ্ধে দুর্নীতির অনেক অভিযোগ আছে বলে জানান এবং এসব সমাধানের জন্য জাফরুল্লাহর সঙ্গে কথা বলতে বলেন।
পরে জাফরুল্লাহর এসব কর্মকাণ্ডে সন্দেহ হলে কৌশিক তাকে কৌশলে অফিসে ডেকে নিয়ে যান। সেখানে তাকে অফিসের অন্য কর্মকর্তারা জিজ্ঞাসাবাদ করলে জাফরুল্লাহ এলোমেলো কথা বলেন। তখন তাকে আটকে রেখে সদর থানায় খবর দেন। পরে পুলিশ এসে তাকে থানায় নিয়ে যায়।
গাইবান্ধা সদর থানার উপ-পরিদর্শক (এসআই) জানান, খবর পেয়ে তাকে আটক করে সদর থানায় নিয়ে আসা হয়েছে।
গাইবান্ধা সদর থানার ওসি আবদুল্লাহ আল মামুন বলেন, খবর পেয়েই ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি চলমান।

