কাঠমান্ডু বিমানবন্দরে অবতরণের সময় টার্কিশ উড়োজাহাজের চাকায় আগুন

আপডেট : ১১ মে ২০২৬, ১৮:২২

নেপালের কাঠমান্ডুতে ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের ঠিক পরপরই তুরস্কের জাতীয় বিমান সংস্থা টার্কিশ এয়ারলাইন্সের একটি উড়োজাহাজের চাকায় আগুন লাগার ঘটনা ঘটেছে। সোমবার (১১ মে) স্থানীয় সময় সকালের দিকে ঘটা এ ঘটনায় কয়েকজন যাত্রী আহতও হয়েছেন।

সোমবার সকালে ইস্তাম্বুল থেকে আসা ফ্লাইটটিতে ২৭৭ জন যাত্রী ও ১১ জন ক্রু ছিলেন। স্থানীয় সময় সকাল ৬টা ৪৫ মিনিটে (বাংলাদেশ সময় ৭টা) বিমানটি রানওয়েতে স্পর্শ করার কয়েক মুহূর্তের মধ্যেই একপাশের দুটি চাকায় আগুন ধরে যায়।

ঘটনার পরপরই বিমানবন্দর কর্তৃপক্ষ জরুরি নির্গমণ স্লাইড খুলে দেয় এবং সব যাত্রী ও ক্রুদের নিরাপদে বের করে আনে। কয়েকজন যাত্রী আহত হয়েছেন বলে জানা গেছে, তবে তাদের কারও আঘাত গুরুতর নয়। ত্রিভুবন বিমানবন্দরের অগ্নিনির্বাপক দল দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে।

ত্রিভুবন বিমানবন্দরের নিরাপত্তা কর্মকর্তা এসপি রাজকুমার ভারতী জানান, আগুন নেভানোর পাশাপাশি যাত্রী ও ক্রুদের দ্রুততম সময়ের মধ্যে নামিয়ে আনা হয়েছে।

আগুন লাগার কারণে বিমানটি কিছুক্ষণ রানওয়েতে আটকে ছিল। ফলে রানওয়ে বন্ধ হয়ে যাওয়ায় বিমানবন্দরে ফ্লাইট চলাচল ব্যাহত হয়। একাধিক আন্তর্জাতিক ফ্লাইটকে আটকে রাখতে হয়।

বিমান দুর্ঘটনা তদন্ত সংস্থা ঘটনার কারণ অনুসন্ধান শুরু করেছে।

সূত্র: ইন্ডিয়া টুডে

ইত্তেফাক/এবিএস