ভিডিও ভাইরাল

গ্রিলে আটকে চোরের চিৎকার— ‘স্যার আমি বের হতে পারছি না’

আপডেট : ১১ মে ২০২৬, ২০:৩৩

কুমিল্লায় একটি বাসায় চুরি করে পালানোর সময় বারান্দার লোহার গ্রিলে আটকে ধরা পড়েছে মো. মারজান হোসেন জিহাদ (২২) নামের এক যুবক। এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এসময় তার মাথা থেকে কোমর পর্যন্ত বাইরে ও কোমরের নিচের অংশ বাসার ভেতরে দিকে আটকে থাকতে দেখা গেছে।

সর্বশেষ সোমবার (১১ মে) ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এর আগে রোববার দুপুরে কুমিল্লা নগরীর ইসলামপুর এলাকার (আদালতের পূর্বপাশে) একটি ভবনের নিচতলায় এ ঘটনা ঘটে।

জিহাদ নগরীর ছোটরা এলাকার আবদুল বারেকের ছেলে।

ভাইরাল হওয়া ১ মিনিট ১২ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, ভবনটির বারান্দার গ্রিলে আটকে আছে জিহাদ। সে গ্রিলের ফাঁক থেকে বের হওয়ার জন্য প্রাণপণ চেষ্টা করছে। এ দৃশ্য দেখছিল স্থানীয় এলাকার উৎসুক লোকজন। এসময় তাকে চিৎকার করে বলতে শোনা যায়, ‘স্যার- আমি বের হতে পারছি না। আমার একটা বাচ্চা আছে।’

স্থানীয়রা জানান, একপর্যায়ে উপস্থিত লোকজন প্রায় আধাঘণ্টা পর ওই সোহেলকে গ্রিল থেকে টেনে বের করে। ওই ভবনটির মালিক ইসলামপুর এলাকার মোহাম্মদ আলী। ভবনের নিচতলায় ভাড়াটিয়া পরিবার বসবাস করছিল। সেখানে চুরি করতে গিয়ে ধরা পড়ে জিহাদ।

প্রত্যক্ষদর্শী আবদুল খালেক জানান, দুপুরে ওই বাসার সামনে চিৎকার শুনে আমরা সেখানে গিয়ে তাকে গ্রিলের ফাঁকে আটকে চিৎকার করতে দেখি। সে (চোর) গ্রিলের ফাঁকেই বাসায় চুরি করতে ঢুকেছিল। তাকে গ্রিলের ফাঁক থেকে ঘরের ভেতরের দিকে টেনে বের করে পুলিশে সোপর্দ করা হয়।

সোমবার সন্ধ্যায় কোতোয়ালী মডেল থানার ওসি তৌহিদুল আনোয়ার জানান, আটক যুবককে ভ্রাম্যমাণ আদালত ২০ দিনের সাজা দিয়েছেন। আদালতের আদেশ অনুযায়ী তাকে কারাগারে পাঠানো হয়েছে।

ইত্তেফাক/এপি