রাজশাহীতে ক্যাসিনো সম্রাট শিমুলসহ গ্রেপ্তার ৬

আপডেট : ১২ মে ২০২৬, ২০:০২

রাজশাহীর বাগমারা উপজেলায় অনলাইন জুয়ার আসরে অভিযান চালিয়ে শিমুল নামে কথিত এক মূলহোতাসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে আটটি মোবাইল ফোন, একটি ল্যাপটপ এবং জুয়ার কাজে ব্যবহৃত বিভিন্ন সামগ্রী উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১২ মে) বিকেলে গ্রেপ্তারদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

পুলিশ জানায়, সোমবার (১১ মে) রাত ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ভবানীগঞ্জ ব্র্যাক মোড় এলাকায় অভিযান চালানো হয়। সেখানে শিমুল টেলিকমের মালিক শিমুলকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে আরও পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।

তার তথ্যমতে মোহনগঞ্জ এলাকার ইয়াছিন আলীর ছেলে শাহিন (৪৫), ভবানীগঞ্জ পৌরসভার দর্গামাড়িয়া এলাকার বাহার আলীর ছেলে রকি ইসলাম (২০), সগুনা গ্রামের আবু তাহেরের ছেলে ফরহাদ হোসেন (২২), কাঁঠালবাড়ি গ্রামের শহিদুল ইসলামের ছেলে কাউছার আলী (২৩) ও পুরান তাহেরপুর গ্রামের আবু হেনার ছেলে জুবায়ের হোসেনকে (৪৫) গ্রেপ্তার করে।

পুলিশ আরও জানায়, অভিযানে নগদ টাকা ও অনলাইন জুয়ার বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে।

বাগমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) জিল্লুর রহমান বলেন, গ্রেপ্তারদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা করা হয়েছে। জড়িত অন্যদের ধরতে অভিযান চলছে।

ইত্তেফাক/এমএএম