‘অবশেষে দপ্তর রাজনৈতিক কার্যালয়ে পরিণত হলো’ ফেসবুকে স্ট্যাটাস দেওয়ায় বিএমডিএ প্রকৌশলী বরখাস্ত

আপডেট : ১৩ মে ২০২৬, ০৯:৪১

ফেসবুকে ‘অবশেষে দপ্তর রাজনৈতিক কার্যালয়ে পরিণত হলো! মাশাআল্লাহ!’ শীর্ষক স্ট্যাটাস দেওয়ার অভিযোগে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) উপ-সহকারী প্রকৌশলী সাব্বির রহমান কে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তিনি বিএমডিএ প্রধান কার্যালয়ের আইটি শাখায় কর্মরত ছিলেন। মঙ্গলবার (১২ মে) তাকে সাময়িক বরখাস্তের পাশাপাশি রাজশাহী সার্কেল কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।

বিএমডিএর নির্বাহী পরিচালক আবু সাঈদ মো. কামরুজ্জামান স্বাক্ষরিত এক অফিস আদেশে সাব্বির রহমান কে সাময়িক বরখাস্ত করা হয়। আদেশে বলা হয়, ‘গত ১০ মে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া সাব্বির রহমানের স্ট্যাটাসটি দ্রুত ছড়িয়ে পড়ে এবং তা বিএমডিএ চেয়ারম্যানের নজরে আসে। এতে চেয়ারম্যানসহ প্রতিষ্ঠানের সুনাম ক্ষুন্ন হয়েছে।’

অফিস আদেশে আরও বলা হয়, ‘বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের চাকরি বিধিমালা, ১৯৯৩ এবং সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী এ ধরনের মন্তব্য দাপ্তরিক শিষ্টাচারবহির্ভূত ও শৃঙ্খলাপরিপন্থী। এ কারণে তার বিরুদ্ধে ‘অসদাচরণের’ অভিযোগ আনা হয়েছে।’ সাময়িক বরখাস্তকালীন সময়ে তিনি বিধি অনুযায়ী খোরাকি ভাতা পাবেন। একই সঙ্গে তাকে বিএমডিএর রাজশাহী সার্কেল দপ্তরে সংযুক্ত করা হয়েছে।

সম্প্রতি জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ হাসান জাফির তুহিনকে সচিব মর্যাদায় বিএমডিএ চেয়ারম্যান পদে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়। গত ৫ মে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাঁর এই নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। গত ৬ মে নবনিযুক্ত চেয়ারম্যান কৃষি মন্ত্রণালয়ে এবং ১০ মে বিএমডিএ রাজশাহীস্থ প্রধান কার্যালয়ে যোগদান করেন। এদিন তাকে রাজশাহী সদর দপ্তরে সংবর্ধনা শেষে এক মতবিনিময় অনুষ্ঠিত হয়। বিকেলে বিএমডিএ চেয়ারম্যান গোদাগাড়ীতে সরমংলা খাল পরিদর্শন করেন।

এ বিষয়ে মতামতের জন্য উপ-সহকারী প্রকৌশলী সাব্বির রহমানের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি। ফলে তার মতামত নেওয়া সম্ভব হয়নি। তবে বিএমডিএর নির্বাহী পরিচালক আবু সাঈদ মো. কামরুজ্জামান বলেন, ‘উপ-সহকারী প্রকৌশলী সাব্বির রহমান স্বীকার করেছেন যে, তিনি ওই স্ট্যাটাসটি দিয়েছেন। এ কারণেই তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।’

ইত্তেফাক/এএইচপি