কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হলেন ড. এম এম শরীফুল করিম

আপডেট : ১৪ মে ২০২৬, ২০:৩৩

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন ইংরেজি বিভাগের অধ্যাপক ড. এম এম শরীফুল করিম।
 
বৃহস্পতিবার (১৪ মে) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয় আইন, ২০০৬-এর ১০(১) ধারা অনুযায়ী রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্যের অনুমোদনক্রমে তাকে এ নিয়োগ দেওয়া হয়েছে।

নিয়োগের শর্ত অনুযায়ী, যোগদানের তারিখ থেকে পরবর্তী চার বছর অথবা অবসর গ্রহণের আগ পর্যন্ত তিনি উপাচার্যের দায়িত্ব পালন করবেন। দায়িত্ব পালনকালে তিনি তার বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতা এবং বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন। এছাড়া বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে তাকে সার্বক্ষণিক ক্যাম্পাসে অবস্থান করতে হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

অধ্যাপক ড. এম এম শরীফুল করিম। ছবি: ইত্তেফাক

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, অধ্যাপক শরীফুল করিম ২০০৭ সালে ইংরেজি বিভাগে যোগ দেন এবং বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি শিক্ষক সমিতির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

অধ্যাপক শরীফুল করিম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্য বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। পরে মালয়েশিয়ার ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি থেকে ইংরেজি সাহিত্য বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে যোগদানের আগে তিনি ১৯৯৯ সালে বিসিএস শিক্ষা ক্যাডারে যোগ দেন।

দীর্ঘ শিক্ষকতা জীবনে তিনি স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে পাঠদান ছাড়াও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের এমফিল গবেষণা তত্ত্বাবধান করেছেন। 

ইত্তেফাক/এসএএস