শি জিনপিংয়ের সঙ্গে অত্যন্ত ইতিবাচক ও ফলপ্রসূ বৈঠক ট্রাম্পের

আপডেট : ১৪ মে ২০২৬, ২১:০০

বেইজিংয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনাকে 'অত্যন্ত ইতিবাচক ও ফলপ্রসূ' বলে বর্ণনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার (১৪ মে) চীন সফরের প্রথম দিনে আয়োজিত এক রাষ্ট্রীয় ভোজসভায় বক্তব্য দেওয়ার সময় এই মন্তব্য করেন তিনি।

চীন সফরের প্রথম পূর্ণ দিনে গ্রেট হল অব দ্য পিপলে আয়োজিত জমকালো রাষ্ট্রীয় ভোজসভায় বক্তব্য দিতে গিয়ে ট্রাম্প এ কথা বলেন। তিনি বলেন, আজ সারাদিন চীনা প্রতিনিধিদের সঙ্গে আমাদের খুবই ইতিবাচক ও ফলপ্রসূ আলোচনা হয়েছে।

ট্রাম্প শি জিনপিংয়ের আতিথেয়তার প্রশংসা করে বলেন, এই সন্ধ্যা বন্ধুদের মধ্যে খোলামেলা আলাপচারিতার সুযোগ হয়েছে। তিনি শি'কে আগামী ২৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরের আমন্ত্রণও জানান। ট্রাম্প বলেন, প্রেসিডেন্ট শি, আপনাকে এবং মাদাম পেং লিউয়ানকে হোয়াইট হাউসে স্বাগত জানাতে পেরে আমি গর্বিত। আমরা আপনাদের অপেক্ষায় থাকব।

ভোজসভায় ট্রাম্প আরও বলেন, আমেরিকান ও চীনা জনগণের মধ্যে সমৃদ্ধ ও দীর্ঘস্থায়ী সম্পর্ক রয়েছে। তিনি বলেন, 'আজ যেসব বিষয়ে আলোচনা হয়েছে, তা দুই দেশের জন্যই কল্যাণকর। আপনার সঙ্গে সময় কাটানো আমার জন্য সম্মানের।' 

তিনি উল্লেখ করেন, যুক্তরাষ্ট্রের জন্মলগ্ন থেকেই দুই দেশের জনগণের মধ্যে সম্পর্ক বিদ্যমান। কঠোর পরিশ্রম, সাহস ও সাফল্যের মতো অভিন্ন মূল্যবোধ দুই দেশকে এক করে। ট্রাম্পের ভাষায়, 'আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, তাহলে বিশ্ব এক অনন্য রূপ পায়।' 

উল্লেখ্য, গত নয় বছরের মধ্যে প্রথমবারের মতো কোনো ক্ষমতাসীন মার্কিন প্রেসিডেন্ট হিসেবে তিন দিনের রাষ্ট্রীয় সফরে চীনে অবস্থান করছেন ডোনাল্ড ট্রাম্প।

সূত্র: এএফপি

ইত্তেফাক/এবিএস