ঢাকা মহানগর পুলিশে (ডিএমপি) গুরুত্বপূর্ণ পদে রদবদল করা হয়েছে। নতুন আদেশ অনুযায়ী, রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) হিসেবে দায়িত্ব পেয়েছেন শেখ জাহিদুল ইসলাম।
শনিবার (১৫ মে) ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার এস এন মো. নজরুল ইসলামের স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়।
আদেশে আরও বলা হয়েছে, ট্রাফিক-অ্যাডমিন ও প্ল্যানিং অ্যান্ড রিসার্চ বিভাগে দায়িত্ব দেওয়া হয়েছে মিনা মাহমুদকে।
এর আগে রমনা বিভাগের ডিসি হিসেবে দায়িত্ব পালন করা মাসুদ আলমকে চট্টগ্রাম জেলার পুলিশ সুপার (এসপি) হিসেবে বদলি করা হয়।
শেখ জাহিদুল ইসলাম সর্বশেষ নীলফামারী জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। গত ৫ মে স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাকে নীলফামারী থেকে ডিএমপিতে বদলি করে।
অন্যদিকে, মিনা মাহমুদ জয়পুরহাট জেলার পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন। একই দিনে স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাকেও ডিএমপিতে বদলির আদেশ দেয়।
