জামায়াতে ইসলামীতে যোগ দিলেন মুক্তিযোদ্ধা কমান্ডার জসিমউদ্দীন 

আপডেট : ১৭ মে ২০২৬, ২১:৩৯

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মো. জসিমউদ্দীন প্রধান আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।

শনিবার (১৬ মে) রাতে  মতলব কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত যুব ও সুধী সমাবেশে তিনি দলের আদর্শ ও কর্মসূচির প্রতি সমর্থন জানিয়ে আনুষ্ঠানিকভাবে তিনি জামায়াতে যোগ দেন। ওই সমাবেশেই সহযোগী সদস্য ফরম পূরণ করেন।

সদ্য জামায়াতে যোগ দেওয়া মো. জসিমউদ্দীন ২০২৫ সালের ১৯ আগস্ট থেকে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা দক্ষিণ জেলার সহকারী সেক্রেটারি ও চাঁদপুর-২ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা ডা. আবদুল মোবিন।

মতলব পৌরসভার সেক্রেটারি মো. কবির হোসেন দেওয়ান ও যুব বিভাগের সেক্রেটারি মো. ইদ্রিস খানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি হারুন অর রশিদ ওসমানী, মতলব দক্ষিণ উপজেলা জামায়াতের আমীর মুহাম্মদ আব্দুর রশীদ পাটওয়ারী, পৌরসভা জামায়াতের আমীর মুহাম্মদ জসিম উদ্দিন প্রধান, সেক্রেটারি দেওয়ান কবির হোসেন, পেশাজীবীর সভাপতি রেদওয়ান আহমেদ জাকির এবং শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি শরীফ পাটওয়ারী।

বক্তারা বলেন, দেশ ও সমাজ গঠনে আদর্শিক ও মানবিক নেতৃত্ব প্রতিষ্ঠায় সকল শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ প্রয়োজন। তারা আশা প্রকাশ করেন, বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মো. জসিমউদ্দীনের এই যোগদান স্থানীয় রাজনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে।

মতলব দক্ষিণ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা  ইঞ্জিনিয়ার মো. জসিমউদ্দীন প্রধান বলেন, আল্লাহর আইন ও কোরআন সুন্নাহর ভিত্তিতে এই দেশ-রাষ্ট্র পরিচালনা হোক- এই প্রত্যাশায় আমি বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছি। আমি কোনো রাজনৈতিক দলে ছিলাম না। আমার জীবনে আমি কোন অন্যায়ের সাথে জড়িত ছিলাম না। ভবিষ্যতে নিজের ব্যক্তিগত, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে কোরআন ও সুন্নাহর উপর থাকতে চাই।

ইত্তেফাক/এপি