বিশ্বকাপের দল ঘোষণার আগে বার্তা দিলেন নেইমার 

আপডেট : ১৮ মে ২০২৬, ১৩:২০

বর্তমানে সবচেয়ে আলোচিত প্রশ্ন- বিশ্বকাপে নেইমার থাকবেন কি না। এই প্রশ্নের উত্তর জানা যাবে আজ। সোমবার (১৮ মে) রিও ডি জেনেইরোর বিখ্যাত মিউজিয়াম অব টমোরোতে স্থানীয় সময় ৫টায় আনুষ্ঠানিকভাবে বিশ্বকাপের জন্য ব্রাজিলের চূড়ান্ত দল ঘোষণা করবেন কোচ আনচেলত্তি। 

গুরুতর চোট ও হাঁটুর অস্ত্রোপচারের কারণে প্রায় এক বছর মাঠের বাইরে থাকতে হয়েছে নেইমার। তবে ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি আগেই জানিয়েছিলেন, পুরোপুরি ফিট এবং ভালো পারফর্ম করতে পারলেই কেবল বিশ্বকাপ দলে বিবেচনায় আসবেন নেইমার। 

রোববার (১৭ মে) সান্তোসের ম্যাচ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নেইমার বলেন, ‘আমি দলে থাকার যোগ্য কি না, সেই সিদ্ধান্ত আনচেলত্তিই নেবেন। আমি এটার (সুযোগ পাওয়ার) জন্যই কঠোর পরিশ্রম করেছি। তবে যদি আমি নির্বাচিত নাও হই, তাহলেও আমি একজন সাধারণ সমর্থক হিসেবে বিশ্বকাপে ব্রাজিলের জন্য গলা ফাটাব।’

এদিকে, সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের নীরবতা ভেঙে ব্রাজিলিয়ান কোচ কার্লো আনচেলত্তি নেইমারের ফিটনেস ও মাঠের পারফরম্যান্সের ভূয়সী প্রশংসা করে ইঙ্গিত দিয়েছেন, সেলেসাওদের চূড়ান্ত ২৬ সদস্যের দলে বড় চমক হিসেবে থাকতে পারেন নেইমার।

আনচেলত্তি বলেছিলেন, ‘আমি খুব ভালো করেই জানি নেইমার শুধু সাধারণ মানুষের কাছেই নয়, দলের খেলোয়াড়দের কাছেও ভীষণ জনপ্রিয়। দলের পরিবেশের ওপর তার কী প্রভাব পড়বে, সেটাও আমাদের বিবেচনায় রাখতে হচ্ছে। নেইমারকে দলে রাখলে ড্রেসিংরুম কোনোভাবে অশান্ত হবে না। সে সবার খুব প্রিয়।’

ইত্তেফাক/জেডএইচ