কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা সদরে নিখোঁজের চারদিন পর নিজ কারখানা থেকে মো. জিল্লুর রহমান (৪২) এক ব্যবসায়ীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১৮ মে)দুপুরে উপজেলার পৌর এলাকার ভোগপাড়া এলাকায় কটিয়াদী-কিশোরগঞ্জ মহা সড়কের পাশে একটি ওয়াইন টাইম পেপার কাপ কারখানার থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত মো. জিল্লুর রহমান নরসিংদীর মনোহরদী উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের গোয়ালবাড়িয়া গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে। দীর্ঘদিন ধরে পরিবার নিয়ে কটিয়াদী সদরের পূর্বপাড়ায় ভাড়া বাসায় বসবাস করতেন। তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, গত শুক্রবার সকালে বাড়ি থেকে বের হন জিল্লুর রহমান। পরে আর বাসায় না ফেরায় অনেক খোঁজাখুঁজি করা হয়। সোমবার সকালে স্ত্রী ও জিল্লুর রহমানের ভাই কারখানার তালা খুলে তার অর্ধগলিত মরদেহ দেখতে পায়। পরে খবর পেয়ে সার্কেল এসপি মো. তোফাজ্জল হোসেনসহ আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং মরদেহ উদ্ধার করে নিয়ে যায়।
নিহত জিল্লুর রহমানের স্ত্রী অন্তরা বেগম(২৮) জানান, গত শুক্রবার সকালে কারখানার উদ্দেশ্যে ঘর থেকে বেরিয়ে যায় সে। পরে দুপুরে মোবাইল ফোনে যোগাযোগ হয়। রাতে তাকে ফোন দিলে, রিং বাজলেও রিসিভ করেনি।
কটিয়াদি মডেল থানার ওসি রফিকুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ জেলা মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

