ফেডারেশন কাপের ফাইনালে উঠেছে মোহামেডান-বসুন্ধরা কিংস। আজ (মঙ্গলবার) বসুন্ধরার কিংস অ্যারেনায় ফাইনাল অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে ম্যাচটি আজ মাঠে গড়াচ্ছে না। বুধবার (২০ মে) শিরোপা জয়ের লড়াইটি মাঠে গড়াবে।
মোহামেডান ফেডারেশন কাপের ফাইনালে উঠার পর কিংসের বিপক্ষে তাদেরই মাঠে ফাইনাল খেলতে অস্বীকৃতি জানায়। এ নিয়ে অচলাবস্থা নিরসনে কাল দুই ক্লাবের প্রতিনিধির সঙ্গে সভায় বসেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল। তাতে কিংসের মাঠে না খেলার সিদ্ধান্তে অনড় থাকে মোহামেডান।
মঙ্গলবার (১৯ মে) সকালে বাফুফে নির্বাহী কমিটির জরুরি সভায় সিদ্ধান্ত হয়েছে, ফাইনাল হবে বসুন্ধরার মাঠ কিংস অ্যারেনাতেই। শর্ত সাপেক্ষে কিংস অ্যারেনায় ফাইনাল খেলতে রাজি হয়েছে মোহামেডান।
মোহামেডানের ডিরেক্টর ইন চার্জ লোকমান হোসেন ভূঁইয়া বলেন, ‘আমরা সর্বশেষ বাফুফেকে বলেছি, বাফুফেকে চিঠি দিয়ে এই নিশ্চয়তা দিতে হবে যে মোহামেডান কোনো অবিচারের শিকার হবে না। আর কিংস বাফুফেকে বলবে, কিংস অ্যারেনায় ফাইনাল হলে কোনো সমস্যা হবে না। পাশাপাশি এক দিন ফাইনাল পেছাতে হবে। তাহলেই আমরা কিংস অ্যারেনায় ফাইনাল খেলব।’
এ দিকে বসুন্ধরা কিংস বাফুফেকে চিঠি দিয়ে ফাইনাল আয়োজন না করে ট্রফিটি মোহামেডানকে দিয়ে দেওয়ার অনুরোধ করেছে।

